Logo

‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটক মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট, ২০২৬, ১৫:৩৭
‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটক মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
ছবি: সংগৃহীত

ইসলামকে অন্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ বলে মন্তব্য করায় কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডির পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। দলটির দাবি, বক্তব্যের জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় মন্ত্রিসভা থেকে সরে দাঁড়াতে হবে তাকে।

বিজ্ঞাপন

কর্ণাটকের কোপ্পাল জেলার কুকনুর শহরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বাসবরাজ রায়ারেড্ডি ইসলামকে মহান ও মানবিক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইসলাম বিজ্ঞানভিত্তিক এবং মানুষের জীবনযাপনের পথনির্দেশ দেয়।

তবে বক্তব্যের একপর্যায়ে ইসলামকে অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলে মন্তব্য করেন তিনি। তার এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়।

কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক এ বিষয়ে মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন। তার অভিযোগ, মন্ত্রীর বক্তব্য হিন্দুধর্মকে হেয় করেছে এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি অবমাননাকর আচরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর অশোক বলেন, বাসবরাজ রায়ারেড্ডিকে তার বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি তা না করলে মুখ্যমন্ত্রীর উচিত তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া।

বিজেপি নেতার অভিযোগ, রায়ারেড্ডি মন্দির বা মঠে না যাওয়ার কথা বলে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে হেয় করেছেন। একই সঙ্গে ইসলামকে অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ বলার মাধ্যমে সনাতন ধর্মকে অপমান করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

বিজেপির মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার দাবি, ভোটারদের তুষ্ট করার উদ্দেশ্যেই এমন মন্তব্য করা হয়েছে। বিভিন্ন ধর্ম সম্পর্কে জানার পর মন্তব্য করার আহ্বানও জানান তিনি।

রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

এদিকে, রায়ারেড্ডির মন্তব্যের মাত্র দুই দিন আগে দুর্নীতির অভিযোগের মুখে কর্ণাটকের মন্ত্রী বি নাগেন্দ্র পদত্যাগ করেন। বিজেপির ধারাবাহিক রাজনৈতিক চাপের মধ্যেই মন্ত্রিসভার আরেক সদস্যকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD