ভারতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

ভারতের উত্তর প্রদেশের কৌশাম্বী জেলায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের দিল্লি-হাওড়া রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
বিজ্ঞাপন
কৌশাম্বীর জেলা ম্যাজিস্ট্রেট অমিত পাল জানান, পিপরী থানা এলাকার মনোড়ী গ্রামের একটি বাজি কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রয়াগরাজের এসআরএন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও পাঁচজন একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কর্মকর্তারা জানান, নিহতেরা সকলেই কারখানার নিকটবর্তী এলাকার বাসিন্দা। মৃতদের মধ্যে রয়েছে প্রিয়াঞ্জলী (৫), প্রবীণ সিং (১৩), জাহ্নবী (১২), আদিত্য (১২), আদিত্য (৮), রবি (৮), অঞ্জু (৩২), জ্ঞান সিং (৪০), বিক্রম সরোজ (৩৫), অংশ (৬) এবং নানা (৪)। এই ঘটনায় ১৮ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মনোড়ী পাওয়ার হাউসের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণে কারখানার পাশাপাশি আশপাশের ৫-৬টি বাড়ি ধসে পড়ে। তীব্রতার কারণে আজমের-শিয়ালদহ এক্সপ্রেসকে মনোড়ী স্টেশনে ফেরত পাঠানো হয় এবং বন্দে ভারত এক্সপ্রেসকে সাইয়াদ সারওয়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনীর অর্ধশতাধিক সদস্য উদ্ধার অভিযান পরিচালনা করছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাতে ১০টি বুলডোজার ও খনন যন্ত্র ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণে বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা মেরামতের কাজ চলছে।
এ ঘটনায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: হিন্দুস্তান টাইমস








