এরদোয়ানকে অপমান করায় তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অবমাননার অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলুর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরদোয়ানকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত শুরু করেছে দেশটির প্রসিকিউটররা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একসময় এরদোয়ানের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী ছিলেন দাভুতোগলু। পরে তাদের মধ্যে রাজনৈতিক দূরত্ব তৈরি হয় এবং তিনি এরদোয়ানের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হন। এরপর নিজস্ব রাজনৈতিক দলও গঠন করেন তিনি। তুরস্কে সাম্প্রতিক সময়ে এরদোয়ানের সাবেক সহযোগী ও রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের ধারাবাহিকতায় দাভুতোগলুর বিরুদ্ধেও এই তদন্ত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রসিকিউটরদের এক বিবৃতিতে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী দাভুতোগলু সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মন্তব্য করেছিলেন, যা প্রেসিডেন্ট এরদোয়ানের জন্য অপমানজনক হিসেবে বিবেচিত হয়েছে। তুরস্কের আইনে প্রেসিডেন্টকে অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ। এ অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরদোয়ান সরকারের সঙ্গে সম্পর্কের অবনতির পর ২০১৯ সালে ‘ফিউচার পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন দাভুতোগলু। তবে দলটি তুরস্কের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে পারেনি। ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে দলটির ফলও ছিল বেশ হতাশাজনক।
এরপর গত আগস্টে অনুষ্ঠিত এক জরুরি কংগ্রেসে দাভুতোগলু তার দল বিলুপ্ত করার ঘোষণা দেন।
বিজ্ঞাপন
শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত থাকা দাভুতোগলু ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে এরদোয়ান, তার সরকার, সরকারের নীতি ও আদর্শের সমালোচকদের বিরুদ্ধে তুর্কি কর্তৃপক্ষের পদক্ষেপ আরও কঠোর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে তুরস্কে সংগীতশিল্পী, শিল্পী, সাংবাদিক ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ আইনি তদন্ত ও মামলার মুখোমুখি হচ্ছেন।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








