Logo

৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, জানালেন ভেতরের তথ্য

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৪
৯ দিন পর টানেল থেকে জীবিত উদ্ধার, জানালেন ভেতরের তথ্য
ছবি: সংগৃহীত

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাদের টানেল থেকে বাইরে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

জীবিত উদ্ধার হওয়া দুজনের একজন সঞ্জয় শাহ। তিনি ত্রিশূলি-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমে কাজ করতেন। সেখানে তার দায়িত্ব ছিল অন্য কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সঞ্জয় জানান, বন্যার পানি দ্রুতগতিতে ঢুকতে শুরু করলে তিনি অন্যদের নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য সতর্ক করতে থাকেন। একপর্যায়ে অন্যরা বের হয়ে যেতে সক্ষম হলেও পানি এত দ্রুত বেড়ে যায় যে, তিনি আর বাইরে বের হতে পারেননি।

তিনি বলেন, কন্ট্রোল রুমে থাকা অবস্থায় সবার জীবন রক্ষায় অন্যদের দ্রুত বের হয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছিলেন। সবাইকে বের হতে বলার পর শেষ পর্যন্ত নিজের বের হওয়ার সুযোগ হয়নি।

বিজ্ঞাপন

টানেলের ভেতরে আটকা পড়ার পর থেকেই উদ্ধারের অপেক্ষায় ছিলেন সঞ্জয়। ওই সময় তিনি হিন্দু ধর্মীয় শাস্ত্রের বিভিন্ন মন্ত্র পাঠ করছিলেন বলেও জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

টানেলের ভেতরে আরও কতজন আটকা পড়ে আছেন—এ বিষয়ে সঞ্জয় বলেন, তার কাছাকাছি অবস্থান করা তিন থেকে চারজনের সঙ্গে বিভিন্নভাবে কথা বা যোগাযোগ করতে পেরেছিলেন তিনি।

বিজ্ঞাপন

তবে জলবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ারহাউজের আশপাশে আরও অনেক মানুষ আটকা থাকতে পারেন বলে জানান তিনি। তার ধারণা, বন্যার প্রবল স্রোতে অনেকেই টানেলের আরও গভীরে ভেসে যেতে পারেন। তারা সেখানে জীবিত কিংবা মৃত অবস্থায় থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

টানেলটি অনেক দীর্ঘ হওয়ায় সেখানে ঠিক কতজন আটকা রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা জানাতে পারেননি সঞ্জয়।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা আঘাত হানে। এতে প্রায় ১ হাজার ৩০০ মানুষের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। এখনো কয়েক হাজার মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD