সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৪

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে পরিত্যক্ত অস্ত্র ও যুদ্ধাস্ত্র সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে হতাহতের এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা দীর্ঘ সংঘাত, বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদের কিছু অংশ ওই অস্থায়ী গুদামে রাখা হয়েছিল। এসব পরিত্যক্ত যুদ্ধাস্ত্র পরবর্তী সময়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ক্ষতিগ্রস্ত অস্ত্র অন্য কোনও নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়া চলছিল জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এতে কয়েকজন কর্মী আহত হয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিস্ফোরণের পরপরই দুর্ঘটনাস্থলে দেশটির সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট মোতায়েন করা হয়। তবে মূল বিস্ফোরণের পর একের পর এক ছোট ছোট বিস্ফোরণ ঘটায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। বিস্ফোরণস্থলে ঘণ্টার পর ঘণ্টা ধরে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে ঘটনাস্থল থেকে বিশাল আকারের কালো ধোঁয়া ওঠার পাশাপাশি পরপর কয়েকটি ছোট বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়।
ইদলিবের স্বাস্থ্য অধিদপ্তরের গণমাধ্যম কর্মকর্তা সুভহি আসাফ হতাহতের প্রাথমিক সংখ্যা নিশ্চিত করে বলেছেন, আহতদের আঘাত খুব বেশি মারাত্মক নয়। তাদের অধিকাংশের আঘাতই হালকা থেকে মাঝারি ধরনের।
বিজ্ঞাপন
সিরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আল-ইখবারিয়া বলেছে, সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ও বাড়তি ঝুঁকি এড়াতে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী দুর্ঘটনাস্থলগামী সব সড়ক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
টানা এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত ও বিধ্বস্ত সিরিয়ায় অস্ত্রাগার কিংবা পরিত্যক্ত যুদ্ধাস্ত্র থেকে এ ধরনের প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা নিয়মিতই ঘটে।
এর আগে গত ১ সেপ্টেম্বরও ইদলিব প্রদেশের বিন্নিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও কয়েকজন গুরুতর আহত হন বলে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি।








