এখন থেকে হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকা হবে: ট্রাম্প

ইরানের ভূখণ্ডে অবস্থিত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে ডাকার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সভায় যোগ দিতে বুধবার টেক্সাসের ডালাসে যান ট্রাম্প। সেখানে দেওয়া বক্তব্যে তিনি হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র জয়ী হলে তেলের দাম কমবে। তার দাবি, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় ইতোমধ্যে শুরু হয়েছে এবং বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে।
সমাবেশে ট্রাম্প বলেন, “ভদ্রমহিলা ও মহোদয়গণ, আজ আমি এখানে ঘোষণা করছি— এখন থেকে আমরা এই জলপথ ট্রাম্প প্রণালি নামে ডাকব। আমি নিশ্চিত যে এটি ইরানের নেতাদের মধ্যে শিহরণ তৈরি করবে।”
বিজ্ঞাপন
এর আগে বক্তব্যে ট্রাম্প বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হলেই তেলের দাম কমবে। আমরা এই যুদ্ধ জিতবই; এমকি বলা ভালো— ইতোমধ্যে আমাদের জয় শুরুও হয়ে গেছে। আমরা এখন হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকা উচিত; কারণ এই যুদ্ধ থেকে তো আমারও কিছু পাওয়া উচিত, আর সেই প্রাপ্তি হবে ‘ট্রাম্প প্রণালি’।”
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরান ‘ভেঙে পড়ছে’ দাবি করে ট্রাম্প আরও বলেন, গত ৫১ বছর ধরে দেশটি মধ্যপ্রাচ্যে ‘গুন্ডামি’ করে আসছে এবং এই পরিস্থিতির অবসান শিগগিরই হবে।
বিজ্ঞাপন
আগেও হরমুজের নাম বদলের ইঙ্গিত
এর আগে গত ৩ সেপ্টেম্বর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করেছিলেন ট্রাম্প। সেই মানচিত্রে জলপথটির নাম ‘ট্রাম্প প্রণালি’ লেখা ছিল।
পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়।
বিজ্ঞাপন
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বিশেষ কৌশলগত গুরুত্ব পেয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছে।
ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী বিদেশি বাণিজ্যিক জাহাজের কাছ থেকে টোল আদায়ের ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইরানের এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে।
ট্রাম্প ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধের ঘোষণা দেওয়ার পর সেখানকার বন্দরগুলোতে জাহাজ চলাচল নিয়েও সংকট তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
ফের উত্তেজনা যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে
এক মাসের বেশি সময়ের অনানুষ্ঠানিক বিরতির পর ৩০ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার সংঘাত শুরু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট সৌদি আরবের দুটি ট্যাংকার গোপনে হরমুজ প্রণালি পার হওয়ার সময় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মধ্যপ্রাচ্যে সৌদি আরব যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ওই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
বিজ্ঞাপন
জলপথের নাম পরিবর্তনে ট্রাম্পের আগ্রহ
গুরুত্বপূর্ণ প্রাকৃতিক জলাশয়ের নাম পরিবর্তনের ক্ষেত্রে ট্রাম্পের আগ্রহ আগেও দেখা গেছে। ২০২৫ সালের ২০ জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ রাখার উদ্যোগ নেন তিনি।
এরপর গত জুলাইয়ে কানাডার অন্টারিও প্রদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তবর্তী লেক অন্টারিওর নাম পরিবর্তন করে ‘আমেরিকা হ্রদ’ রাখার কথাও জানান ট্রাম্প।
বিজ্ঞাপন
এবার ইরানের হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ করার ঘোষণা দিয়ে সেই ধারায় নতুন করে আলোচনায় এলেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র : আনাদোলু এজেন্সি








