Logo

চীনে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০২
চীনে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
ছবি: সংগৃহীত

পূর্ব চীনের শানডং প্রদেশের কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে নোঙর করা পণ্যবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত ছবির ভিত্তিতে জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ বলে জানা গেছে। এটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ। সামুদ্রিক যান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৯০ মিটার বা ৬২৩ ফুট দীর্ঘ জাহাজটি গত ৩১ আগস্ট কিংদাও বন্দরে পৌঁছায়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে ‘সর্বাত্মক’ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। অন্যদিকে, চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়ে যে কোনো ধরনের ‘দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত দুর্যোগ’ এড়াতে সতর্ক থাকার তাগিদ দেন।

জানা গেছে, শানডং প্রদেশের কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে যখন জাহাজটিতে আগুন লাগে, তখন সেখানে মেরামতের কাজ চলছিল। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে ও প্রায় তিন ঘণ্টার বেশি সময় চেষ্টার পর তা নিয়ন্ত্রণে আসে।

এক প্রত্যক্ষদর্শী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, আগুন লাগার পর জাহাজটি থেকে তীব্র কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

বিজ্ঞাপন

চীনে সাম্প্রতিক সময়ে শিপইয়ার্ডে দুর্ঘটনার এটিই প্রথম ঘটনা নয়। এর আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে উদ্ধারকারী দলের এক সদস্য নিহত এবং ১২ জন আহত হন। ওই ঘটনার প্রায় এক মাসের মধ্যেই আবারও প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

সূত্র: বিবিসি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD