ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে বসছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারেক রহমানের সম্মেলনে অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে অংশ নিতে তিন দিনের সফরে ভারত গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে তার বিমান।
পুতিন ছাড়াও ব্রিকস সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন প্রেসিডেন্ট শি জিনপিং।
আমন্ত্রিত অধিকাংশ রাষ্ট্রপ্রধান শনিবার (১২ সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছাবেন। তবে পুতিন এক দিন আগেই ভারতে গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা রয়েছে তার। বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী কীভাবে যাবেন? বাংলাদেশ সরকারের কাউকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে? প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’
বিজ্ঞাপন
ব্রিকস মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর একটি আন্তর্জাতিক জোট। বহুমুখী বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠা, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ বাড়ানো জোটটির অন্যতম লক্ষ্য।








