জাভা সাগরে ২৪০ যাত্রীসহ ইন্দোনেশিয়ার জাহাজ নিখোঁজ

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী জাহাজ নিখোঁজ হয়েছে। পূর্ব জাভা প্রদেশ থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তান যাওয়ার পথে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ জাহাজটির সন্ধানে বড় ধরনের তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির জরুরি উদ্ধারকারী দল।
বিজ্ঞাপন
রবিবার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে জাহাজটির খোঁজে অভিযান শুরু করা হয়। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর বিষয়টি উদ্ধারকারী কর্তৃপক্ষকে জানানো হয়।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার খবর পান তারা। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রাথমিক তথ্য অনুযায়ী, জাভা সাগরে বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ৯২ মাইল (১৪৮ কিলোমিটার) দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল।
বানজারমাসিন উদ্ধার সংস্থার অভিযান প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটি নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকারী দল ইতিপূর্বে ঘোষিত সম্ভাব্য দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পাশাপাশি ত্রিসাক্তিতে একটি প্রধান উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে।
জাহাজ পরিচালনাকারী সংস্থার বরাত দিয়ে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি তীব্র দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছিল। খারাপ আবহাওয়ার কারণে জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা তৈরি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
তবে জাহাজটিতে থাকা ২৪০ যাত্রীর বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের সুনির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। উদ্ধারকারী দল জাহাজটির অবস্থান শনাক্ত এবং যাত্রীদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।








