চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, ১৬ জন বয়স্ক নাগরিক নিহত

চিলির দক্ষিণাঞ্চলে একটি বেসরকারি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন বয়স্ক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ ও আহত আরও ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আল জাজিরার।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের একটি একতলা বৃদ্ধনিবাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট গিয়ে শনিবার ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ভবনটিতে মোট ২৬ জন বয়স্ক মানুষ অবস্থান করছিলেন। উদ্ধারকারীরা ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হলেও ১৬ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এদিকে অগ্নিকাণ্ডের শিকার ওই বৃদ্ধনিবাসটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিরাপত্তা বিধি না মানার অভিযোগ ছিল। পিত্রুফকেনের মেয়র জ্যাকলিন রোমেরো এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা হোসে ব্রাভো জানান, প্রতিষ্ঠানটি নির্ধারিত স্যানিটারি ও অগ্নিনিরাপত্তা বিধি লঙ্ঘন করে পরিচালিত হচ্ছিল।
তারা জানান, নিয়ম না মেনে কার্যক্রম পরিচালনার অভিযোগে ২০১৯ সাল থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিকবার জরিমানা ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপরও বৃদ্ধনিবাসটির কার্যক্রম বন্ধ হয়নি এবং প্রতিষ্ঠানটি পরিচালনা অব্যাহত ছিল।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের পর এর কারণ ও প্রতিষ্ঠানটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও প্রসিকিউশন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
চিলির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দেশের সব নার্সিং হোমের নিরাপত্তাব্যবস্থা জরুরি ভিত্তিতে পর্যালোচনার আহ্বানও জানিয়েছেন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা মান যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।








