Logo

যুদ্ধের ধাক্কায় ইয়েমেনে বন্ধ হওয়ার পথে লাখো শিক্ষার্থীর পড়াশোনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:১৮
যুদ্ধের ধাক্কায় ইয়েমেনে বন্ধ হওয়ার পথে লাখো শিক্ষার্থীর পড়াশোনা
ছবি: সংগৃহীত

ইয়েমেনে চলমান সামরিক সংঘাতের কারণে বিদ্যালয়গামী ১ লাখ ৩৭ হাজারের বেশি শিশুর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এসব শিশুর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত শিশুদের সুরক্ষা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করেছে ইউনিসেফের দল। এর অংশ হিসেবে ২০টি শিশুবান্ধব স্থান ও অস্থায়ী শ্রেণীকক্ষ নির্মাণের পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন সুরক্ষামূলক সেবা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইউনিসেফ এক বার্তায় বলেছে, ‘সংঘাতের কারণে শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া কোনোভাবেই উচিত নয়।’

গত শুক্রবারের তথ্য অনুযায়ী, ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশ এবং পশ্চিম উপকূলের বিভিন্ন জেলায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এর ফলে বহু পরিবার নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।

ইউনিসেফ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) সঙ্গে যৌথভাবে বাস্তুচ্যুত হওয়া ১৪ হাজারের বেশি মানুষকে জরুরি সহায়তা প্রদান করছে।

বিজ্ঞাপন

কয়েক বছরের আপেক্ষিক শান্তির পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং হুথি বিদ্রোহীদের মধ্যে সামরিক সংঘাত ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তী বছর ২০১৫ সালে ইয়েমেন সরকারকে সমর্থন দিতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি সামরিক জোট। এরপর দীর্ঘ সময় ধরে চলা সংঘাত দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD