Logo

সৌদি আরবে ফের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৮
সৌদি আরবে ফের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সৌদি হামলার পাল্টা জবাব হিসেবে সৌদি আরবের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবারের এ হামলায় সৌদি আরবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের খামিস মুশায়েতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এ সময় যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, রাডার, রানওয়ে, গোলাবারুদ মজুতের কারখানাসহ বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি।

ইয়াহিয়া সারির দাবি, এসব হামলায় সৌদি সামরিক স্থাপনা ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

হুথিদের হামলার পর সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সোমবার খামিস মুশায়েত ও আভা এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য সতর্কতা জারি করে। এর আগে রাতেও খামিস মুশায়েত এবং ইয়েমেন সীমান্তবর্তী কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সৌদির খামিস মুশায়েতের এক বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, তিনি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং সেখানে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে দেখেছেন। আতঙ্কিত এই সৌদি নাগরিক বলেন, ‘‘সত্যি বলতে, আমরা রাতে একেবারেই ঘুমাতে পারিনি।’’

ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরব গত পাঁচ দিনে ইয়েমেনজুড়ে ৩০০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে; যা খামিস মুশায়েত ও তায়েফ বিমানঘাঁটি থেকে পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবারের হামলায় দেশটির দক্ষিণাঞ্চলে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এর কয়েক দিন পর রোববার সৌদি আরবের দক্ষিণাঞ্চলের শারুরা ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে হুথিরা। সপ্তাহব্যাপী অভিযানের মাধ্যমে ইয়েমেনের লোহিত সাগর উপকূল দখল করে বাব আল-মানদেব প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ শক্ত করার পরই নতুন করে এই সংঘর্ষ শুরু হলো।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরবের তেল রপ্তানির ক্ষেত্রে লোহিত সাগর ও বাব আল-মানদেব জলপথের গুরুত্ব আরও বেড়েছে। গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে নতুন করে সংঘাতে জড়িয়ে পড়ে হুথিরা।

এরপর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপের পাশাপাশি লোহিত সাগরে সৌদি জাহাজে হামলা চালানো শুরু করে গোষ্ঠীটি। পাল্টা সৌদি হামলার মধ্যেই দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD