ছেলে নিয়ে রহস্য, মেয়েই কি হতে যাচ্ছেন কিমের পরবর্তী উত্তরসূরি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পর দেশটির নেতৃত্ব কার হাতে যাবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এ আলোচনায় সবচেয়ে বেশি উঠে এসেছে তার মেয়ে কিম জু আয়ের নাম। তবে জু আয়ের বড় ভাই বা কিমের ছেলে সন্তান রয়েছে কি না, তা নিয়ে এখনো রহস্য কাটেনি।
বিজ্ঞাপন
উত্তর কোরিয়ার মতো পুরুষতান্ত্রিক দেশে একজন নারীকে সর্বোচ্চ নেতৃত্বে বসানো কতটা সহজ হবে, তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতা জানিয়েছিলেন, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) সংসদীয় একটি কমিটিকে কিম জু আয়ের বড় ভাই থাকার তথ্য জানিয়েছে। তবে পরে এনআইএস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।
পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থাটি জানায়, কিম জং উনের একটি ছেলে সন্তান রয়েছে—এমন খবরের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিম পরিবারের উত্তরাধিকার নিয়ে এই তথ্য গুরুত্বপূর্ণ। ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠার পর থেকে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে ছিলেন কিম ইল সুং, কিম জং ইল ও কিম জং উন। তিনজনই ছিলেন কিম পরিবারের পুরুষ সদস্য।
ফলে কিম জু আয়ে ভবিষ্যতে উত্তরসূরি হলে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। কিছু বিশ্লেষকের মতে, দেশটির প্রবীণ ও প্রভাবশালী কর্মকর্তারা একজন নারী নেতার অধীনে কতটা স্বাচ্ছন্দ্যে কাজ করবেন, সেটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিজ্ঞাপন
জু আয়ে ভবিষ্যতে কিম পরিবারের বাইরের কোনো পুরুষকে বিয়ে করলে উত্তরাধিকার নিয়েও নতুন জটিলতা তৈরি হতে পারে। তার সন্তান পরবর্তী সময়ে ক্ষমতায় এলে কিম পরিবারের সরাসরি শাসনের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন কিছু বিশ্লেষক।
তবে অন্য একদল বিশেষজ্ঞ মনে করেন, ৪২ বছর বয়সী কিম জং উনের এখনই উত্তরসূরি নির্ধারণের প্রয়োজন নেই। তাদের মতে, আগেভাগে উত্তরসূরি ঘোষণা করলে তা কিমের নিজের একচ্ছত্র ক্ষমতার ওপর প্রভাব ফেলতে পারে।
এ কারণে কিম জু আয়ের প্রকাশ্য উপস্থিতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার বাবার সঙ্গে অবস্থান ভবিষ্যৎ উত্তরাধিকার নিয়ে জল্পনা বাড়ালেও, উত্তর কোরিয়ার পরবর্তী নেতা কে হবেন—তা এখনো নিশ্চিত নয়।








