গাজায় ভবন ধসে পাঁচ শিশুসহ নিহত ২০, এখনও বহু মানুষ নিখোঁজ

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত একটি বহুতল ভবন ধসে পাঁচ শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় উদ্ধারকারীরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের তাল আল-হাওয়া এলাকায় ভবনটির প্রতিটি তলা ধসে পড়ে। পরে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া জীবিতদের উদ্ধারের পাশাপাশি মরদেহ বের করার চেষ্টা চালান।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভবনটিকে আগে থেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে সতর্ক করা হয়েছিল। এরপরও সেখানে থাকা অ্যাপার্টমেন্টগুলোতে ১০টি পরিবার বসবাস করছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস পরিচালিত বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জানান, প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম গাজায় প্রবেশে ইসরায়েলের কঠোর বিধিনিষেধ রয়েছে। ফলে ধসের পর প্রাথমিকভাবে উদ্ধারকাজ প্রায় হাত দিয়েই শুরু করতে হয়। পরে কিছু ভারী যন্ত্রপাতি সংগ্রহ করে অভিযান চালানো হয়।
এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু ও হামাসের এক কমান্ডার রয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় হামাসের এক কমান্ডার এবং উত্তর গাজায় আরেক যোদ্ধাকে লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে। এসব হামলায় দুই শিশু নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ফিলিস্তিনিদের চিকিৎসাসেবায় কাজ করা ব্রিটিশ দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় এক রোগী নিহত হয়েছেন।
সূত্র: বিবিসি








