জি-২০ সম্মেলনে পুতিনকে বৈঠকের প্রস্তাব দিলেন জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশ নিলে সেখানে তার সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিন সম্মেলনে এলে তিনি সেখানে যাবেন এবং রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন।
বৈঠকের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জেলেনস্কি বলেন, “হ্যাঁ, অবশ্যই। আমাদের আসতেই হবে। আমাদের দেখা করতে হবে, কথা বলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।” তিনি আরও বলেন, আলোচনায় কে কী বলবে সেটির চেয়ে বৈঠকের ফলাফলই গুরুত্বপূর্ণ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়নি। এদিকে মিয়ামিতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশ নেবেন কি না, সে বিষয়ে ক্রেমলিন এখনো সিদ্ধান্ত জানায়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে জেলেনস্কির প্রস্তাবের পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, মিয়ামিতে পুতিনের সঙ্গে জেলেনস্কির বৈঠক হওয়ার বিষয়ে মস্কোর অবস্থান ইতিবাচক নয়। DW-এর প্রতিবেদনে বলা হয়েছে, পেসকভ মিয়ামিতে বৈঠকের সম্ভাবনা নাকচ করে রাশিয়ার পক্ষ থেকে মস্কোকে বৈঠকের স্থান হিসেবে উল্লেখ করেছেন।
সাক্ষাৎকারে জেলেনস্কি ইউক্রেনের শীতকালীন প্রতিরক্ষা নিয়েও কথা বলেন। রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় দেশটির আরও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা প্রয়োজন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথা তুলে ধরে জেলেনস্কি জানান, শীতকালে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও শহরগুলো রক্ষায় প্রতি মাসে ১০০ থেকে ১২০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন হতে পারে।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাওয়ার বিষয়ে নিশ্চিত নন বলেও জানান জেলেনস্কি। পাশাপাশি ইউরোপীয় মিত্রদের সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ার মধ্যে জেলেনস্কির এই মন্তব্য সামনে এলো। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সম্প্রতি কিয়েভ ও মস্কো—দুই পক্ষের সঙ্গেই যোগাযোগ চালিয়ে যাচ্ছে বলে DW জানিয়েছে।








