রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন। নিহতদের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় শ্রেণির মানুষ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। একই সময়ে আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ।
বিজ্ঞাপন
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান এ তথ্য জানান।
এয়ার চিফ মার্শাল নাইটন বলেন, “সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ। নিহতদের মধ্যে সামরিক-বেসামরিক উভয়েই আছেন।”
তার দাবি, নিহত ও আহতদের অধিকাংশই রুশ সামরিক বাহিনীর সদস্য। এসব প্রাণহানির বড় অংশ ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। এত বিপুল প্রাণহানির বিনিময়ে রাশিয়া ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
রাশিয়ার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে নাইটন বলেন, “আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— তা আমাদের চোখের সামনে তুলে ধরছে নিহতের এই সংখ্যা। এই পরিসংখ্যান আরও বলছে, রাশিয়ার অন্তত ৫ লাখ বিষন্ন-অন্ধকার বাড়ির দেওয়ালে নিহত সেনাদের ছবি ঝুলছে। রাশিয়ার ৫ লাখ পরিবার তাদের বাবা, ভাই, ছেলে কিংবা স্বামীকে আর কখনও দেখতে পাবে না।”
তবে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, যুদ্ধের কারণে বিপুল প্রাণহানি এবং রাশিয়ার জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়লেও ইউক্রেন ইস্যুতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লক্ষ্য পরিবর্তনের কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগের পাশাপাশি ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে কয়েক বছর ধরে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দেন।
শুক্রবার যুদ্ধের ১ হাজার ৬৬০ দিন পূর্ণ হয়েছে। বিভিন্ন রেকর্ড অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রুশ সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে যতদিন অবস্থান করেছিল, ইউক্রেন যুদ্ধে তার চেয়েও বেশি সময় পার করেছে রুশ বাহিনী।
সূত্র : স্কাই নিউজ








