Logo

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব: জর্জিয়া মেলোনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৩
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব: জর্জিয়া মেলোনি
ছবি: সংগৃহীত

ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব তোলা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) ইতালির রাজধানী রোমে নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান মেলোনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ কতজন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবে, তা আইনের মাধ্যমে নির্ধারণের কথা রয়েছে। তবে সেই সংখ্যা কত হবে, তা এখনো জানানো হয়নি। বর্তমানে ইতালির স্কুলগুলোতে বিদেশি শিক্ষার্থীর হার প্রায় ১১ দশমিক ৬ শতাংশ।

মেলোনি বলেন, যেসব বিদেশি শিক্ষার্থী ইতালির স্কুলব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতাও প্রস্তাবে রাখা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার যুক্তি তুলে ধরে মেলোনি বলেন, কোনো শ্রেণিতে একজন শিক্ষার্থী ইতালীয় ভাষা না জানলে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় সে দ্রুত ভাষাটি শিখতে পারে। কিন্তু ভাষা না জানা শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে তাদের ভাষা শেখানো ও ইতালীয় সমাজে একীভূত করা কঠিন হয়ে পড়ে—এমনটাই তার বক্তব্য।

বোরকা ও নিকাব নিষিদ্ধের বিষয়ে মেলোনি বলেন, স্কুলে শিক্ষার্থীদের মুখ খোলা রেখে আসতে হবে। তার ভাষ্য অনুযায়ী, ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে সমর্থন করা হয় না, যেখানে কোনো তরুণীকে মুখ ঢেকে চলতে উৎসাহিত করা হয়।

প্রস্তাবিত নিষেধাজ্ঞায় বোরকা ও নিকাবের কথা উল্লেখ করা হয়েছে; হিজাবকে এই প্রস্তাবের আওতায় রাখা হয়নি বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

তবে এসব পদক্ষেপ এখনো প্রস্তাব পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভা অনুমোদনের পর আইন হিসেবে কার্যকর করতে ইতালির সংসদের অনুমোদন প্রয়োজন হবে।

ইতালিতে অভিবাসন ও অভিবাসীদের সামাজিক একীভূতকরণ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের গুরুত্বপূর্ণ বিষয়। মেলোনির নতুন প্রস্তাবও দেশটির শিক্ষা, অভিবাসন ও সাংস্কৃতিক একীভূতকরণ নিয়ে চলমান বিতর্ককে আরও সামনে এনেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD