Logo

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪০
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের জেনারেল ডিবেট শুরু
ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া এই পর্বের উদ্বোধনী বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এরপর রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে প্রথমে বক্তব্য দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ঐতিহ্য অনুযায়ী ব্রাজিলের পর আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম আলজাজিরা আজ মঙ্গলবার জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে গত ১৮ সেপ্টেম্বর। তবে জেনারেল ডিবেট শুরু হয়েছে আজ থেকে। যেখানে সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বক্তব্য রাখেন এবং একে-অপরের কথা শোনেন।

জাতিসংঘের মহাসচিব তার বক্তব্যে বলেন, বিশ্বে যেসব ফল্ট লাইন আছে সেগুলো চওড়া হচ্ছে। এজন্য বিশ্ববাসীকে এক হবে।

তিনি আরও বলেন, সামরিক শক্তি একা বিশ্বে শান্তি আনতে পারবে না। এছাড়া অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিও এককভাবে শান্তি আনতে পারবে না বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনের গাজা উপত্যকার কথা উল্লেখ করে বলেন, বিশ্ববাসীর নজর গাজা থেকে সরতে দেওয়া যাবে না। তিনি মন্তব্য করেন, “৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার তিন বছর হয়েছে। কিন্তু এরপর গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এমন ধ্বংসযজ্ঞ আমার জীবনে আমি কোথাও দেখিনি।” গাজায় জাতিসংঘের যে দায়িত্ব আছে সেটি পালন করার সুযোগ দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।

গুতেরেস তার বক্তব্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কথাও বলেন। তিনি বলেন, এটি একটি নৃসংশ যুদ্ধ। যেখানে ফ্রন্ট লাইনে বেসামরিক মানুষ হত্যার শিকার হয়ে আসছেন। এরমধ্যে ইউক্রেনীয়রা বেশি নিহত হলেও; সম্প্রতি রাশিয়াতেও বেসামরিকদের মৃত্যু হচ্ছে।

এছাড়া নারীর অধিকার, ফিলিস্তিনের পশ্চিমতীরে দখলদার ইসরায়েলের হামলার কথাও উল্লেখ করেন জাতিসংঘের মহাসচিব।

বিজ্ঞাপন

এর পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকানদের জন্য স্থায়ী আসনের দাবিও জানান তিনি। গুতেরেস বলেন, “আজও নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকার স্থায়ী প্রতিনিধি নেই। একুশ শতকে নিরাপত্তা কাউন্সিলে আফ্রিকানদের প্রতিনিধিত্ব না থাকা অবিচার এবং অগ্রহণযোগ্য। এটির পরিবর্তন হতে হবে।”

বক্তব্যের শেষ দিকে গুতেরেস মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানবাধিকার নিশ্চিত করা ছাড়া বিশ্বে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা সম্ভব নয়।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD