গোপালগঞ্জের ২ জনকে ভারতে ঢোকানোর দায়ে বিএসএফ সদস্য গ্রেফতার

অর্থের বিনিময়ে দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। একই ঘটনায় গোপালগঞ্জের বাসিন্দা দাবি করা ওই দুই বাংলাদেশি নাগরিককেও গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের পুলিশ।
বিজ্ঞাপন
ঘটনাটি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরের বিথারি-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দোহারকান্দা সীমান্ত এলাকায় ঘটে। গ্রেফতার জওয়ানের নাম গৌতম অধিকারী। তিনি রাজস্থানের যোধপুরে কর্মরত এবং পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জয় বারুই ও বৈশাখী বারুই নামের দুই বাংলাদেশি নাগরিক সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। সে সময় সীমান্তে দায়িত্বে থাকা বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের জিজ্ঞাসাবাদে গৌতম অধিকারীর নাম উঠে আসে বলে তদন্তকারীদের দাবি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের দাবি, ওই দুই ব্যক্তির বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে। তারা স্বামী-স্ত্রী এবং ভারতে প্রবেশের সময় তাদের কাছে প্রয়োজনীয় বৈধ নথিপত্র ছিল না বলে জানানো হয়েছে। পরে তাদের স্বরূপনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
তদন্তকারীরা গৌতম অধিকারীর ভূমিকা খতিয়ে দেখছেন। পাশাপাশি এই ঘটনার পেছনে আরও কোনো ব্যক্তি বা বড় ধরনের সীমান্তপাচার চক্র জড়িত কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। দুই বাংলাদেশি নাগরিক কেন ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, তা নিয়েও জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ সূত্র অনুযায়ী, তিনজনকেই বসিরহাট মহকুমা আদালতে হাজির করা হয়েছে এবং তাদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তবে সীমান্ত পারাপারে গৌতম অধিকারীর সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত এখনো চলছে।








