আফগানিস্তান থেকে আসা ৮ ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। বুধবার (২৩ সেপ্টেম্বর) তোরখাম সীমান্ত ও খাইবার পাখতুনখোয়ার কোহাট এলাকায় এসব ড্রোন ভূপাতিত করা হয় বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানি সূত্রের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আটটি ড্রোনের মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাটের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো শনাক্ত করে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই সেগুলো ধ্বংস করে বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, আফগানিস্তান থেকে কুররম সেক্টর দিয়ে একটি সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টাও প্রতিহত করা হয়েছে। পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-সংশ্লিষ্ট যোদ্ধাদের ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।
এরপর সীমান্তের পাকিস্তানি অবস্থান লক্ষ্য করে আফগান তালেবান বাহিনীর পক্ষ থেকে গুলি ও মর্টার হামলার অভিযোগ করেছে পাকিস্তান। পাল্টা জবাবে পাকিস্তানি বাহিনী আফগান সীমান্তের কয়েকটি চৌকি, মর্টার অবস্থান ও প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে বলে নিরাপত্তা সূত্রের দাবি। এসব দাবির স্বাধীন যাচাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন সাম্প্রতিক কয়েক দিনের সীমান্ত সংঘাতের কারণে ইসলামাবাদ ও কাবুলের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ২১ সেপ্টেম্বর পাকিস্তান আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালানোর কথা জানায়। পাকিস্তানের দাবি, ওই অভিযানে ২৮ জন জঙ্গি নিহত হয়েছে। অন্যদিকে আফগান কর্তৃপক্ষ ও জাতিসংঘ তিন বেসামরিক নিহত হওয়ার কথা জানিয়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ডে টিটিপিসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিয়ে অভিযোগ করে আসছে। ইসলামাবাদ কাবুলকে এসব গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেও আফগান তালেবান পাকিস্তানের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ফলে সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও অভিযোগের মধ্য দিয়ে দুই দেশের উত্তেজনা অব্যাহত রয়েছে।








