আফগানিস্তানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা, নিহত ৪

আফগানিস্তানের তিন প্রদেশে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারারের দাবি, আফগানিস্তান থেকে পাকিস্তানের ভূখণ্ডে ড্রোন হামলার পর পাল্টা জবাব হিসেবে ১০টি স্থানে এসব হামলা চালানো হয়েছে। অন্যদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আতাউল্লাহ তারার জানান, বুধবার আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের দিকে ড্রোন পাঠানো হয়। পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত ও ধ্বংস করে। এরপর আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়।
পাকিস্তানের দাবি, হামলার লক্ষ্য ছিল ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণের সঙ্গে যুক্ত সামরিক স্থাপনা। দেশটির তথ্যমন্ত্রী এসব হামলাকে পরিকল্পিত ও নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে সীমাবদ্ধ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে আফগান তালেবান সরকারের পক্ষ থেকে পাকিস্তানের দাবি অস্বীকার করা হয়েছে। মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, বুধবার আফগানিস্তান থেকে পাকিস্তানের দিকে কোনো ড্রোন পাঠানো হয়নি। তার ভাষ্য অনুযায়ী, কান্দাহার, পাক্তিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানের হামলা হয়েছে এবং এতে চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
মুজাহিদ এসব হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে।
পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ড থেকে দেশটির বিরুদ্ধে সশস্ত্র হামলা পরিচালনার অভিযোগ করে আসছে। অন্যদিকে আফগান তালেবান সরকার পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। চলতি মাসে দুই দেশের সীমান্তে একাধিক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।








