Logo

যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৪৫
যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান
ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রকে নতুন একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে ইরান। এতে সর্বোচ্চ ৬০ দিনের আঞ্চলিক যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি ধীরে ধীরে খুলে দেওয়া এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের মতো বিষয় রাখা হয়েছে। তবে প্রস্তাবটি যুক্তরাষ্ট্র গ্রহণ করেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। কাতার, পাকিস্তান ও মিসরের কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেন।

ইরানের প্রস্তাব অনুযায়ী, ৬০ দিন পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকতে পারে। এই সময়ে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। একই সঙ্গে হরমুজ প্রণালির কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার পাশাপাশি ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহারের বিষয়টিও প্রস্তাবে রয়েছে। যুদ্ধবিরতির সময় সংঘাতের স্থায়ী সমাধানে আলোচনার জন্য একটি সময়সীমা নির্ধারণের কথাও বলা হয়েছে।

প্রস্তাবে ইরানের প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে ওয়াশিংটন রোডম্যাপটি গ্রহণ করেছে কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পক্ষ থেকে পর্যাপ্ত সদিচ্ছার পদক্ষেপ না আসা পর্যন্ত অবরোধ প্রত্যাহারের বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সূত্রের ভাষ্য অনুযায়ী, ইরানের রোডম্যাপটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থবহ আলোচনার জন্য একটি বিস্তারিত কর্মপরিকল্পনা। এতে আগের দফার আলোচনার বিষয়গুলো নতুনভাবে সাজানোর পাশাপাশি দ্রুত বাস্তবায়নের প্রয়োজন রয়েছে—এমন কয়েকটি বিষয় আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে।

মঙ্গলবারের আলোচনার শুরুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৈঠক করেন। পরে দুই দেশের বিশেষজ্ঞ ও কূটনীতিকদের অংশগ্রহণে আরও আলোচনা হয়।

স্টিভ উইটকফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, তিনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীরা সারাদিন দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষা করেছেন। তিনি আলোচনার একটি পর্বকে গঠনমূলক ও আশাব্যঞ্জক বলে উল্লেখ করেন এবং মধ্যস্থতাকারীদের কাজ অব্যাহত থাকবে বলে জানান।

বিজ্ঞাপন

এর আগে ইরান জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানো এবং ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার করলে কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তারা প্রস্তুত। ফলে নতুন রোডম্যাপে হরমুজ ও অবরোধের বিষয়টি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD