Logo

শত্রুকে এক ইঞ্চিও ছাড় নয়, হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:২৩
শত্রুকে এক ইঞ্চিও ছাড় নয়, হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের
ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) পদাতিক বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুভাবাপন্ন কোনো শক্তিকে এক ইঞ্চি জায়গাও ছাড় দেওয়া হবে না। সামরিক হুমকির মুখে ইরান কোনো ধরনের নতিস্বীকার করবে না বলেও দৃঢ় অবস্থান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন আইআরজিসির এই জ্যেষ্ঠ কমান্ডার।

সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের সময় কারামি বলেন, মহান আল্লাহর কৃপা এবং বীর ইরানি জনগণের সাহস ও দৃঢ়তার ওপর ভর করে শত্রুর কাছে দেশের এক ইঞ্চি ভূখণ্ডও ছেড়ে দেওয়া হবে না। অতীতের মতো এবারও ইরান প্রতিরোধের পথেই থাকবে বলে জানান তিনি।

কারামি বলেন, ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধের সময় যেভাবে ইরান প্রতিরোধ গড়ে তুলেছিল, বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের দৃঢ়তা বজায় রাখা হবে। তার ভাষ্য অনুযায়ী, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা হবে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইআরজিসির এই কমান্ডার আরও বলেন, শত্রুভাবাপন্ন যেকোনো শক্তির বিরুদ্ধে প্রতিরোধ এবং অবিচলভাবে লড়াই চালিয়ে যাওয়ার যে ঐতিহাসিক ধারা ইরান অনুসরণ করে আসছে, তা অব্যাহত থাকবে। সামরিক হুমকি মোকাবিলায় ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণ দৃঢ় অবস্থানে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষ দিকে কারামি ইরানের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করেন। তিনি বলেন, মহান ইসলাম ও বীর ইরানি জাতির জন্যই ভবিষ্যৎ নির্ধারিত।

আইআরজিসি কমান্ডারের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান তার সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা প্রস্তুতির ওপর গুরুত্ব দিয়ে আসছে। উত্তর-পশ্চিমাঞ্চলের কৌশলগত সামরিক স্থাপনাগুলো পরিদর্শনের মধ্য দিয়ে দেশটির প্রতিরক্ষা প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপরও গুরুত্বারোপের বিষয়টি উঠে এসেছে।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD