ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

নিষেধাজ্ঞা, সামরিক চাপ কিংবা হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। একই সঙ্গে সমান মর্যাদার ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক আলোচনায় তেহরানের আগ্রহের কথাও তুলে ধরেছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন পেজেশকিয়ান। জাতিসংঘে এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের পর তাঁর প্রথম বড় আন্তর্জাতিক ভাষণ।
পেজেশকিয়ান বলেন, ইরানকে চাপ প্রয়োগ করে নতিস্বীকার করানো সম্ভব নয়। তাঁর ভাষ্য, নিষেধাজ্ঞা, বাড়তি চাপ ও ‘বুলিং’ নীতি ইরানি জনগণের প্রতিরোধ আরও বাড়াবে। ইরান কখনো আগ্রাসী যুদ্ধ শুরু করেনি এবং বরাবরই আলোচনার টেবিলে বসার আগ্রহ দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে ইরানি প্রেসিডেন্ট বলেন, তেহরান সমান মর্যাদার ভিত্তিতে সংলাপ ও কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে শক্তি প্রয়োগ কিংবা হুমকির ভাষায় কোনো আলোচনা মেনে নেবে না ইরান।
বিজ্ঞাপন
পেজেশকিয়ানের বক্তব্য এমন এক সময়ে এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক সংঘাত ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপের আহ্বান জানান এবং শান্তি চুক্তি না হলে সামরিক পদক্ষেপের হুমকিও দেন।
তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ যোগাযোগ ও আলোচনার প্রচেষ্টাও চলমান রয়েছে। ইরানের পক্ষ থেকে সামরিক চাপ ও অবরোধ কমানোর শর্তে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আগ্রহের কথাও জানানো হয়েছে।








