মার্কিন নিষেধাজ্ঞার পরও চীনে অবতরণ করল ইরানি বিমান

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও সতর্কবার্তার মধ্যেই ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান চীনের গুয়াংজুতে অবতরণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
বিজ্ঞাপন
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মাহান এয়ারের ফ্লাইট আইআরএম০৯৩ তেহরান থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় বিকেল ৪টা ৩৯ মিনিটে গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে ওই ফ্লাইটের তথ্য পাওয়া যায়নি।
এমন সময় ইরানি বিমান চীনে অবতরণের খবর সামনে এলো, যখন দেশটির বিমান পরিবহন খাতের ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ইরানি বিমানকে অবতরণ, জ্বালানি বা বিমানবন্দর-সংক্রান্ত সেবা দেওয়া কিংবা টিকিট বিক্রির সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বুধবার ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এএফপির বরাতে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ, মাসকাট, কাতার, জর্জিয়া ও আজারবাইজানগামী কিছু ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে চীনসহ কয়েকটি গন্তব্যে ফ্লাইট চলাচল অব্যাহত ছিল।
বিজ্ঞাপন
মাহান এয়ার এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে। নতুন নিষেধাজ্ঞার প্রভাব কতটা বিস্তৃত হবে এবং বিভিন্ন দেশ তা কীভাবে বাস্তবায়ন করবে, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে চীন যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরোধিতা করে এগুলোকে অবৈধ বলে অভিহিত করেছে। ফলে চীনে মাহান এয়ারের ফ্লাইট অবতরণের ঘটনাটি ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং বেইজিংয়ের অবস্থান নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।








