কৃষি শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেবে অস্ট্রেলিয়া

কৃষিখাতে শ্রমিক সংকট মোকাবিলায় বিদেশি কৃষি শ্রমিকদের ভিসা আবেদন অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির শস্য উৎপাদনকারীদের সংগঠন গ্রেইন প্রোডিউসার অস্ট্রেলিয়া (জিপিএ) বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকারের এ উদ্যোগের কথা জানিয়েছে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়া বিশ্বে গম, যব ও সরিষা উৎপাদনের অন্যতম প্রধান দেশ। বর্তমানে এসব ফসলের মৌসুম চলছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটির অধিকাংশ খামারে ফসল কাটা শুরু হওয়ার কথা। ফলে এ সময়ে কৃষি শ্রমিকের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
ফসল বপন ও কাটার মৌসুমে অস্ট্রেলিয়ার খামারগুলোতে বিপুলসংখ্যক শ্রমিক প্রয়োজন হয়। কিন্তু দেশটির বর্তমান শ্রমবাজারে সংকট থাকায় প্রয়োজনীয় কর্মী পাওয়া নিয়ে উদ্বেগে ছিলেন শস্য উৎপাদনকারীরা। জিপিএ জানিয়েছে, কৃষকদের সেই উদ্বেগ কমাতেই সরকার বিদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়ায় অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে।
জিপিএর চেয়ারম্যান ম্যাথিউ ম্যাডেন বলেন, “এটি একটি সমাধান এবং পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। তবে এই প্রক্রিয়াটি কতটা কার্যকর হবে, তা নির্ভর করছে সরকার কত জন বিদেশি শ্রমিককে ভিসা দেবে এবং কত দ্রুত এসব ভিসা আবেদন প্রক্রিয়ার কাজ শেষ করবে।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, "বাস্তবে প্রক্রিয়াটি কীভাবে কাজ করে তা আমরা দেখব; তবে আশার কথা হলো, ফসল তোলার মৌসুমে জরুরি কর্মীদের এখানে নিয়ে আসার একটি উপায় এখন চাষীদের হাতে এল।"
নতুন ব্যবস্থায় ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য সর্বোচ্চ তিন মাসের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে ভিসার মেয়াদ বাড়ানোর সুযোগও সীমিত রাখা হয়েছে।
কৃষিখাতের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, 'ওয়ার্কিং হলিডে মেকার' ভিসার আবেদন প্রক্রিয়াকরণে আগে কয়েক দিন সময় লাগলেও তা বেড়ে কয়েক মাসে পৌঁছেছিল। খামার ও গ্রামীণ ব্যবসাপ্রতিষ্ঠানের শ্রমিকের চাহিদা পূরণে অস্ট্রেলিয়া সরকার এই ওয়ার্কিং হলিডে ভিসা ব্যবস্থার মাধ্যমে বিদেশি কর্মীদের সুযোগ দিয়ে থাকে।
বিজ্ঞাপন
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (ABC) জানিয়েছেন, ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সঙ্গে সমন্বয় করে এমন আবেদনকারীদের চিহ্নিত করা হবে, যারা কৃষিকাজে দক্ষ, ইতোমধ্যে ওয়ার্কিং হলিডে ভিসার জন্য আবেদন করেছেন এবং কোনো নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।
ফসল কাটার মৌসুম সামনে রেখে দ্রুত প্রয়োজনীয় শ্রমিক আনার ক্ষেত্রে নতুন এই অগ্রাধিকার ব্যবস্থা কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: রয়টার্স








