Logo

এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করবেন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৩
এরদোয়ানের বিরুদ্ধে আইসিসিতে মামলা করবেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য আইনি ব্যবস্থা নিতে প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি আন্তমন্ত্রণালয় দল ও আন্তর্জাতিক আইনবিষয়ক কর্মকর্তাকে এ বিষয়ে আইনি নথি প্রস্তুতের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম i24NEWS।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য মামলাটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। এরদোয়ানের বিরুদ্ধে তুরস্কের কুর্দি জনগোষ্ঠীর সঙ্গে সরকারের আচরণ এবং হামাসের সঙ্গে তুরস্কের সম্পর্ক ও কথিত অর্থায়নের বিষয়গুলো এতে গুরুত্ব পেতে পারে।

এই উদ্যোগের পেছনে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও তুরস্কের মধ্যে বেড়ে চলা আইনি ও কূটনৈতিক উত্তেজনাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এরদোয়ান এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিলেন। তুরস্ক গত আগস্টে এ বিষয়ে ইন্টারপোলের কাছে অনুরোধ করার কথা প্রকাশ্যে জানায়।

তবে এখনো এরদোয়ানের বিরুদ্ধে কোনো মামলা আইসিসিতে দায়ের করা হয়নি। i24NEWS-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চাইলে সরাসরি আইসিসির পথে যেতে পারে। আবার তৃতীয় কোনো দেশের মাধ্যমে আইনি প্রক্রিয়া শুরু করার সম্ভাবনাও বিবেচনায় রয়েছে। এমনকি শেষ পর্যন্ত মামলাটি দায়ের নাও হতে পারে; এর প্রস্তুতিকে তুরস্কের ওপর চাপ তৈরির একটি উপায় হিসেবেও ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরদোয়ানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের বিষয়টি এমন সময়ে সামনে এলো, যখন নেতানিয়াহু নিজেই আইসিসির একটি গ্রেফতারি পরোয়ানার আওতায় রয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে আইসিসি নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

অন্যদিকে, তুরস্কের বিচারমন্ত্রী আইকুন গুরলেক গত আগস্টে জানিয়েছিলেন, গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের অভিযানের ঘটনায় নেতানিয়াহুসহ কয়েকজনের বিরুদ্ধে তুরস্কে চলমান মামলার অংশ হিসেবে ইন্টারপোলের রেড নোটিশ চাওয়া হয়েছে।

নেতানিয়াহুর নতুন উদ্যোগে কুর্দি ইস্যু এবং হামাসের সঙ্গে তুরস্কের সম্পর্ককে কীভাবে আইনি ভিত্তি হিসেবে উপস্থাপন করা হবে, তা এখনো স্পষ্ট নয়। i24NEWS জানিয়েছে, নেতানিয়াহু ও ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD