দক্ষিণ পেরিয়ে এবার বাংলায় থালাপতি বিজয়, ভোটে লড়ার ইঙ্গিত

তামিলনাড়ুর বাইরে সংগঠন বিস্তারের অংশ হিসেবে এবার পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে)। পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে রাজ্যটিতে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার ফাগুপুরে কার্যালয়টির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে টিভিকের পশ্চিমবঙ্গের রাজ্য সমন্বয়ক চৈতালি রায়সহ বিভিন্ন জেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে রাজনৈতিক কর্মসূচির চেয়ে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
দলীয় নেতৃত্বের ভাষ্য, তামিলনাড়ু থেকে নতুন রাজ্যগুলোতে সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে সামাজিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গেও মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা ও চাকরির বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন রাজ্য সমন্বয়ক চৈতালি রায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন চৈতালি রায়। তার বক্তব্য অনুযায়ী, দলটি এখানে ভোটে অংশ নিক—এমন প্রত্যাশা রয়েছে। তবে কোন নির্বাচনে টিভিকে অংশ নেবে, সে সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় নেতৃত্ব নেবে।
চৈতালি রায়ের দাবি, পশ্চিমবঙ্গে টিভিকের প্রায় পাঁচ হাজার সমর্থক রয়েছেন। সংগঠন আরও বিস্তৃত করতে আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
ফাগুপুরের কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে টিভিকের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বলে দলটির নেতারা জানিয়েছেন। তবে এখনই নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।








