Logo

পাকিস্তানের ৯ সেনাকে হত্যা করল বেলুচিস্তানের নারী ব্রিগেড

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২১
পাকিস্তানের ৯ সেনাকে হত্যা করল বেলুচিস্তানের নারী ব্রিগেড
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর নয় সদস্যকে হত্যার দাবি করেছে বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ)। সংগঠনটি জানিয়েছে, তাদের নতুন গঠিত নারী ইউনিট ‘কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ (কেএএডি) তুরবাত ও কালাতের মাংচার এলাকায় এসব অভিযান চালিয়েছে।

বিজ্ঞাপন

বিএলএফের মুখপাত্র মেজর গওহরাম বালোচের দাবি, ২২ সেপ্টেম্বর তুরবাতের জুসাক এলাকায় চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) মহাসড়কে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রিঅ্যাকশন ফোর্সের তিনটি গাড়ির বহরে হামলা চালানো হয়। এতে ছয় সেনাসদস্য নিহত এবং কয়েকজন আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।

এরপর ২৫ সেপ্টেম্বর কালাত জেলার মাংচার এলাকায় মহাসড়কে তল্লাশি ও অবরোধ চালানোর দাবি করে বিএলএফ। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সেখানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও তিনজন নিহত এবং কয়েকজন আহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্প্রতি বিএলএফ তাদের নতুন নারী ইউনিট ‘কারিমা আর্মড অ্যাসল্ট ডিভিশন’ বা কেএএডির কার্যক্রমের ভিডিও প্রকাশ করেছে। ফুটেজে সামরিক পোশাক পরা নারী যোদ্ধাদের দেখা যায়। একটি দৃশ্যে তুরবাত এলাকায় কথিত সামরিক বহরে হামলার আগে একজন নারী কমান্ডারকে যোদ্ধাদের ব্রিফ করতে দেখা যায়। অন্য দৃশ্যে মাংচারে নারী যোদ্ধাদের তল্লাশি অভিযান চালাতে দেখা যায়।

বিজ্ঞাপন

এর আগে ২৩ সেপ্টেম্বর বিএলএফ জানিয়েছিল, তুরবাতের কাছে সিপিইসি মহাসড়কে পাকিস্তানি সামরিক বহরে হামলাটি কেএএডির প্রথম সশস্ত্র অভিযান। সংগঠনটি তখন কয়েকজন সেনাসদস্য নিহত ও আহত এবং সামরিক যান ক্ষতিগ্রস্ত হওয়ার দাবি করেছিল।

বিএলএফের সাম্প্রতিক বিবৃতিতে দুই অভিযানে মোট নয়জন পাকিস্তানি সেনা নিহত এবং কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই দাবির স্বাধীন নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD