আইফেল টাওয়ারে নারী কর্মী সরানোর ঘটনায় প্রধান নির্বাহীর পদত্যাগ

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান সোসিয়েতে দ্য এক্সপ্লোয়াতাসিওঁ দ্য লা তুর আইফেল (এসইটিই)-এর প্রধান নির্বাহী প্যাট্রিক ব্রঁকো রুইভো বছরের শেষে পদ ছাড়ছেন। আইফেল টাওয়ারে একটি ধর্মীয় প্রতিনিধিদলের সফরের সময় নারী কর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ার পর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
২০১৮ সাল থেকে এসইটিইর মহাপরিচালকের দায়িত্বে থাকা রুইভো চলতি বছরের শেষ পর্যন্ত দায়িত্বে থাকবেন। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্তে ওই সফর আয়োজন ও পরিচালনায় ‘ত্রুটি ও ঘাটতি’ শনাক্ত হয়েছে। এর ফলেই নারী কর্মীদের সফরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার মতো ‘অগ্রহণযোগ্য পরিস্থিতি’ তৈরি হয়েছিল বলে জানিয়েছে এসইটিই।
ঘটনাটি ঘটে ৫ সেপ্টেম্বর। সেদিন ভারতের গুজরাটভিত্তিক হিন্দু ধর্মীয় সংগঠন বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা (বিএপিএস)-এর প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল আইফেল টাওয়ার পরিদর্শনে যায়। ওই সময় কয়েকজন নারী কর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে তাদের জায়গায় পুরুষ সহকর্মীদের দায়িত্ব দেওয়ার অভিযোগ ওঠে।
এসইটিইর তদন্তে বলা হয়েছে, প্রতিনিধিদলের পক্ষ থেকে নারীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার অনুরোধ এসেছিল। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, এ ধরনের শর্ত মেনে নেওয়া উচিত হয়নি। কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নারী কর্মীদের কর্মস্থল ছেড়ে যেতে বলা হয়েছিল এবং এতে তারা অপমানিত বোধ করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনাটি প্রকাশ্যে আসার পর আইফেল টাওয়ারের কর্মীরা প্রতিবাদে ধর্মঘটে যান। এর ফলে পর্যটকদের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় এই স্থাপনাটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে বিষয়টি নিয়ে ফ্রান্সের রাজনৈতিক মহলেও সমালোচনা শুরু হয়।
এসইটিই জানিয়েছে, ঘটনার পর লিঙ্গসমতা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ ও প্রশিক্ষণ কর্মসূচি নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের নেতৃত্বে পরিবর্তন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য আগামী কয়েক মাস প্রস্তুতি নেওয়া হবে।
অন্যদিকে বিএপিএসের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রতিনিধিদলের ব্যবস্থাগুলো ছিল সফর পরিচালনার সঙ্গে সম্পর্কিত এবং নারীদের বিরুদ্ধে কোনো বৈষম্যমূলক উদ্দেশ্য ছিল না। ফলে নারী কর্মীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের দায় নিয়ে এসইটিইর অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণই এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।








