Logo

এআই ক্যামেরার কাণ্ড, গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ অক্টোবর, ২০২৬, ১৪:১৭
এআই ক্যামেরার কাণ্ড, গিটারকে হেলমেটবিহীন যাত্রী ভেবে মামলা
ছবি: সংগৃহীত

হেলমেট পরে একাই মোটরসাইকেল চালাচ্ছিলেন ভারতের বেঙ্গালুরুর সৌভিক দত্ত। কিন্তু পরদিন তার স্ত্রীর মোবাইলে আসে ৫০০ রুপির ট্রাফিক জরিমানার বার্তা। অভিযোগ, মোটরসাইকেলের পেছনে থাকা যাত্রী হেলমেট পরেননি। চালানের সঙ্গে থাকা ছবি দেখার পরই চমকে ওঠেন সৌভিক। কারণ, মোটরসাইকেলের পেছনে কোনো যাত্রীই ছিলেন না, ছিল একটি গিটার।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে বেঙ্গালুরুরে গত ১৫ সেপ্টেম্বর। ওই দিন দুপুরে সৌভিক তার স্ত্রীর ই-স্কুটার নিয়ে হেব্বাল থেকে টিন ফ্যাক্টরির দিকে যাচ্ছিলেন। তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং মাথায় হেলমেটও পরা ছিল। তবে পিঠে বাঁধা ছিল একটি গিটার।

পরদিন ১৬ সেপ্টেম্বর সৌভিকের স্ত্রীর মোবাইলে আসে ই-চালানের বার্তা। সেখানে ‘হেলমেট ছাড়া পেছনের যাত্রী’ থাকার অভিযোগে ৫০০ রুপি জরিমানা করা হয়। চালানের সঙ্গে থাকা ছবিতে দেখা যায়, স্কুটারের পেছনে কোনো ব্যক্তি নেই। সেখানে শুধু পিঠে বাঁধা গিটারটি দেখা যাচ্ছিল।

সৌভিকের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক নজরদারি ব্যবস্থা পিঠে থাকা গিটারটিকেই পেছনের যাত্রী হিসেবে শনাক্ত করেছে। আর সেই ভুল শনাক্তকরণের ভিত্তিতেই তার বিরুদ্ধে হেলমেট ছাড়া পেছনের যাত্রী বহনের অভিযোগে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন সৌভিক। বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশকে ট্যাগ করে তিনি জানান, তিনি একাই স্কুটার চালাচ্ছিলেন এবং পিঠে ছিল গিটার। একই সঙ্গে চালানটি প্রত্যাহারের অনুরোধ জানান। পোস্টে চালানের নোটিশ নম্বর ৮৬২০২৫৪১ উল্লেখ করেন তিনি।

পোস্টটি নজরে আসার পর বেঙ্গালুরু ট্র্যাফিক পুলিশ তাকে বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করতে বলে। পাশাপাশি ই-মেইলে অভিযোগ জানানোর ও নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি এআই-নির্ভর ট্র্যাফিক নজরদারি ব্যবস্থার ভুল শনাক্তকরণের বিষয়টি সামনে এনেছে। বিপুলসংখ্যক যানবাহন ও ট্র্যাফিক আইন লঙ্ঘন শনাক্তে স্বয়ংক্রিয় ক্যামেরা সহায়ক হলেও, এ ধরনের ভুল ঠেকাতে মানবিক যাচাইয়ের প্রয়োজনীয়তাও নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD