Logo

হুথিদের বিরুদ্ধে বড় সামরিক হামলা শুরু করতে যাচ্ছে সৌদি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১১:১৭
হুথিদের বিরুদ্ধে বড় সামরিক হামলা শুরু করতে যাচ্ছে সৌদি
ছবি: সংগৃহীত

ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রিয়াদ এরই মধ্যে সম্ভাব্য এই অভিযান নিয়ে পরিকল্পনা ও প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছে বলে জানিয়েছে আঞ্চলিক কয়েকটি সূত্র।

বিজ্ঞাপন

বার্তাসংস্থা রয়টার্সকে মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই নতুন অভিযান শুরু হতে পারে। এর প্রধান লক্ষ্য হতে পারে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলগুলো থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়া। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

সম্ভাব্য এই অভিযানে ইয়েমেনের স্থল বাহিনী প্রধান ভূমিকা পালন করবে। এই বাহিনীকে সৌদি আরব পরিচালনা করে। অন্যদিকে আকাশপথে হামলা চালাবে সৌদি বাহিনী।

আঞ্চলিক সূত্রগুলোর দাবি, অভিযানের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। তবে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে সৌদির কোনো মিত্র অংশ নেবে না বলে সূত্রগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়েমেনে হুথিদের উত্থানের পর ২০১৪ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ওই সময় হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণে নেয়। পরের বছর, ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে সৌদি আরব যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। এরপর হুথিদের অবস্থান লক্ষ্য করে সৌদি বাহিনী হাজার হাজার বিমান হামলা চালালেও তাদের পুরোপুরি হটানো সম্ভব হয়নি।

পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই যুদ্ধবিরতি চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত কার্যকর ছিল।

বিজ্ঞাপন

প্রায় দুই মাস আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বাহিনী হামলা চালায়। সে সময় ইরান থেকে ফেরত আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান সেখানে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। হামলার ঘটনায় হুথিরা ক্ষুব্ধ হয়ে সৌদি আরবে পাল্টা হামলা চালায় এবং সৌদির আরোপ করা অবরোধ প্রত্যাহারের দাবি জানায়।

হুথিরা সতর্ক করে দিয়ে বলেছে, অবরোধ প্রত্যাহার না করলে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালি দিয়ে সৌদি জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এরই মধ্যে তারা সৌদি জাহাজ লক্ষ্য করে হামলাও চালিয়েছে।

এদিকে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও হুথিদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে সূত্রগুলো জানিয়েছে।

বিজ্ঞাপন

আঞ্চলিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে হুথিরা দ্রুত অভিযান চালিয়ে লোহিত সাগরের যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে, সৌদির সম্ভাব্য নতুন সামরিক অভিযানের অন্যতম লক্ষ্য হবে সেসব এলাকা থেকে হুথি যোদ্ধাদের সরিয়ে দেওয়া। এতে স্থল ও আকাশপথে একযোগে অভিযান চালানোর সম্ভাবনা রয়েছে।

সূত্র: রয়টার্স

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD