ছেলেকে গেম ছাড়াতে গিয়ে নিজেই জনপ্রিয় গেমার হয়ে গেলেন মা

ছেলের ভিডিও গেমের আসক্তি নিয়ে একসময় দুশ্চিন্তায় দিন কাটত মেইঝৌ শহরের বাসিন্দা ঝোং জুয়ানজুয়ানের। অথচ সেই তিনিই এখন ৬০ বছর বয়সে অনলাইন গেমিং জগতের পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত এই চীনা নারী নিয়মিত গেম খেলেন এবং তাঁর সরাসরি সম্প্রচার দেখতে প্রতিদিন হাজারো দর্শক যুক্ত হন।
বিজ্ঞাপন
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় চার বছর আগে ভিডিও গেম খেলা শুরু করেন ঝোং। বর্তমানে প্রতিদিনই তাঁর গেম খেলার সরাসরি সম্প্রচার দেখতে অনলাইনে ভিড় করেন দর্শকেরা।
প্রাথমিক শিক্ষা শেষ করা ঝোং জীবনের বিভিন্ন সময়ে বিক্রয়কর্মী ও শিশু পরিচর্যাসহ নানা ধরনের খণ্ডকালীন কাজ করেছেন। প্রায় এক দশক আগে তিনি কর্মজীবন থেকে অবসর নেন।
ঝোংয়ের গেমিংয়ের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটিও বেশ ভিন্ন। প্রায় দুই দশক আগে তাঁর ছেলে সোদে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েন। এর প্রভাব পড়ে তাঁর পড়াশোনায়। ছেলেকে গেম খেলা থেকে বিরত রাখতে ঝোং প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেগুলোতে যেতেন এবং কখনো কখনো সেখান থেকে ছেলেকে ধরে বাড়িতে নিয়ে আসতেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে ২০২০ সালে পরিস্থিতি বদলে যায়। চাকরি ছেড়ে দেওয়ার পর ঝোংয়ের ছেলে ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে গেম খেলতে থাকেন। যুবকদের মধ্যে ভিডিও গেমের প্রতি এত বেশি আকর্ষণের কারণ বুঝতে এবার নিজেই গেমিং জগতে প্রবেশের সিদ্ধান্ত নেন ঝোং।
মায়ের এই সিদ্ধান্তে প্রথমে অবাক হয়েছিলেন সোদে। তবে পরে তিনি ধৈর্য ধরে মাকে গেম খেলার নিয়ম ও কৌশল শেখাতে শুরু করেন।
৬০ বছর বয়সে নতুন করে ভিডিও গেম শেখা অবশ্য সহজ ছিল না। বয়সের কারণে দৃষ্টিশক্তি কিছুটা কমে যাওয়া এবং হাত ও চোখের প্রতিক্রিয়ার গতি ধীর হয়ে যাওয়ায় শুরুতে নানা সমস্যায় পড়তে হয় তাঁকে।
বিজ্ঞাপন
সোদে জানান, প্রথম দিকে তাঁর মা গেমের চরিত্রকে সোজাভাবে হাঁটাতেও পারতেন না। দেয়ালে ধাক্কা খাওয়া কিংবা ডিজিটাল সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মতো সাধারণ বিষয়ও তাঁর কাছে কঠিন মনে হতো।
তবে শারীরিক সীমাবদ্ধতা তাঁকে দমাতে পারেনি। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ধীরে ধীরে গেমে দক্ষ হয়ে ওঠেন ঝোং। ২০২২ সাল থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গেম খেলার দৃশ্য সরাসরি সম্প্রচার শুরু করেন।
সাধারণ মানের কম্পিউটার ও গেমিং সরঞ্জাম ব্যবহার করেও তাঁর দক্ষতা দর্শকদের নজর কাড়ে। এ পর্যন্ত তিনি ৮ হাজার ঘণ্টারও বেশি সময় অনলাইন গেম খেলেছেন। বিভিন্ন কৌশলভিত্তিক গুলির খেলাই তাঁর সবচেয়ে পছন্দের।
বিজ্ঞাপন
২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক গেমিং অঙ্গনেও পরিচিতি পান ঝোং। সে সময় জনপ্রিয় গুলির খেলা ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেন্সিভ’-এর একটি বিশেষ অনলাইন প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ পান তিনি।
একসময় যে মা ছেলের গেমিং আসক্তি নিয়ে চিন্তিত ছিলেন, তিনিই এখন সেই গেমিং জগতের পরিচিত মুখ। প্রতিদিন হাজারো তরুণ তাঁর সরাসরি সম্প্রচার দেখতে আসেন। ফলে ‘আন্টি জুয়ান’ এখন শুধু একজন গেমার নন, বরং বয়সকে পেছনে ফেলে নতুন কিছু শেখার আগ্রহ ও অধ্যবসায়েরও উদাহরণ হয়ে উঠেছেন।








