Logo

সীমান্তে ২ বেসামরিক নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৬:৫১
সীমান্তে ২ বেসামরিক নিহত, ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হওয়ার ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। একই সঙ্গে ঘটনাটির স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইসলামাবাদ।

বিজ্ঞাপন

শনিবার (৩ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শুক্রবার (২ অক্টোবর) কাসুর জেলার বেদিয়ান সেক্টরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই নিরস্ত্র পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও একজন আহত হন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, বিএসএফ কোনো ধরনের উসকানি ছাড়াই বেসামরিক নাগরিকদের ওপর প্রাণঘাতী শক্তি প্রয়োগ করেছে। দেশটি এ ঘটনাকে অযৌক্তিক ও অসমানুপাতিক শক্তি প্রয়োগ হিসেবে উল্লেখ করে ভারতের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে নিহত ব্যক্তিদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে উপস্থাপনের যেকোনো প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত দুজন হলেন আজমত রাসুল ও মোহসিন জুট। তারা কাসুরের লাধার গ্রামের বাসিন্দা ছিলেন। আহত অপর ব্যক্তিকেও একই এলাকার বাসিন্দা বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাকিস্তানের দাবি, ওই তিন ব্যক্তি সীমান্তের একটি পিলারের কয়েক পা সামনে গেলেও বেড়া পার হওয়ার চেষ্টা করেননি এবং তাদের কারও কাছেই অস্ত্র ছিল না। দেশটির নিরাপত্তা সূত্রের অভিযোগ, কোনো সতর্কতা ছাড়াই তাদের ওপর গুলি চালানো হয়। পাকিস্তান এটিকে আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা-সংক্রান্ত চুক্তি ও প্রচলিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) লঙ্ঘন বলে দাবি করেছে।

ঘটনাটিকে মৌলিক মানবাধিকারের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে অবিলম্বে স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। তদন্তে দায়ীদের শনাক্ত হলে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ও আইনগত ব্যবস্থা নেওয়া এবং তদন্তের ফলাফল পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে জানানোর দাবিও করা হয়েছে।

পাশাপাশি সীমান্তে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষায় আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় ব্যবস্থাপনা মেনে চলা এবং এ ধরনের পরিস্থিতিতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে দেশটি।

বিজ্ঞাপন

সীমান্তের এই ঘটনা ভারত-পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই ঘটল। এর এক দিন আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় একটি দাবির সমালোচনা করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান।

সীমান্তে দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের কূটনৈতিক প্রতিবাদ এবং তদন্তের দাবি দুই দেশের বিদ্যমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD