Logo

পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬, ১৫:০২
পাঞ্জাব সীমান্তে বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নিহত
ছবি: সংগৃহীত

পাঞ্জাব সীমান্তের কাছে তিন নিরস্ত্র পাকিস্তানি নাগরিককে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি চালানোর অভিযোগ উঠেছে। এতে দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। তাদের দাবি, নিহত ও আহত তিন ব্যক্তি সীমান্ত পিলারের কাছাকাছি অবস্থান করছিলেন। তারা সীমান্তের নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের কোনো চেষ্টা করেননি।

পাকিস্তান টেলিভিশনের এক প্রতিবেদনে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, তিন ব্যক্তি একটি সীমান্ত পিলার থেকে মাত্র কয়েক ধাপ দূরে যাওয়ার পর তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অপর একজন গুরুতর আহত হন।

পাকিস্তানি সূত্র ঘটনাটিকে দুই দেশের সীমান্ত চুক্তির গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন দাবি করা হয়েছে। তাদের ভাষ্য, ওই তিন পাকিস্তানি নাগরিক সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিলেন। সেই সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান।

ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টও এ ঘটনাকে ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে তুলে ধরেছে। তবে পাকিস্তান এখন পর্যন্ত এ ঘটনায় কোনো পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয়নি।

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধের কারণে দুই দেশের সীমান্তে প্রায়ই উত্তেজনা ও সংঘাতের ঘটনা ঘটে। তবে পাঞ্জাব সীমান্ত তুলনামূলকভাবে শান্ত হিসেবে পরিচিত। সেই এলাকায় নতুন করে গুলির এ ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD