বাবার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

ভারতের উত্তর প্রদেশে এক শহীদ সেনাসদস্যের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় পড়ে তার পরিবারের তিন সদস্যসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ওই সেনাসদস্যের ছেলে, ভাই, ভাতিজা এবং অ্যাম্বুলেন্সের চালক।
বিজ্ঞাপন
রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে অযোধ্যা-সুলতানপুর সীমান্তের কাছে হালিয়াপুর এলাকায় পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৭৯ দশমিক ৬ কিলোমিটার পয়েন্টে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ চণ্ডীগড়ের পঞ্চকুলা থেকে তার নিজ গ্রাম দেওরিয়ার গালিয়া দুদহাইলায় নিয়ে যাওয়া হচ্ছিল। মরদেহের সঙ্গে অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্যরাও ছিলেন।
পথে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সত্যবান সিংয়ের ছেলে গৌরব সিং (২৮) এবং অ্যাম্বুলেন্সচালক জসপাল (৩০)। গুরুতর আহত অবস্থায় সত্যবানের ভাই রাজন চৌধুরী (৩৫/৩৬) ও ভাতিজা রাম সমুজ সিংকে (৪০) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে সুবেদার মেজর সত্যবান সিংয়ের মরদেহ হালিয়াপুর থানায় রাখা হয়েছে।
সেনাসদস্য সত্যবান সিংয়ের শেষকৃত্য সামরিক মর্যাদায় সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে। তবে এক সেনার মরদেহ বাড়ি ফেরার পথে পরিবারের তিন সদস্যসহ চারজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।








