সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ফের হামলা, তেল সরবরাহ বন্ধ

সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট বা পূর্ব-পশ্চিম পাইপলাইনে নতুন করে হামলার পর তেল সরবরাহ আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার (৫ অক্টোবর) সৌদি জ্বালানি খাতের একটি নির্ভরযোগ্য সূত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
এএফপিকে ওই কর্মকর্তা জানান, রবিবার ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের রিয়াদের পূর্বে খুরাইসে অবস্থিত একটি পাম্পিং স্টেশনে হামলা চালানো হয়। এর আগে ওই স্টেশনে কোনো হামলা হয়নি। হামলায় স্টেশনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ ফের বন্ধ হয়ে গেছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলার দাবি জানানোর একদিন পর খুরাইসের পাম্পিং স্টেশনের ক্ষয়ক্ষতির তথ্য সামনে এলো। এসব স্থাপনার মধ্যে খুরাইসের অবকাঠামোও রয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার সময় থেকে সৌদির এই গুরুত্বপূর্ণ পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।
বিজ্ঞাপন
গত মাসে সৌদি আরব পূর্বাঞ্চলের প্রধান তেলক্ষেত্রগুলো থেকে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল পর্যন্ত বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সৌদি তেল স্থাপনায় হামলার পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জ্বালানি বাজার বিশ্লেষক ও পণ্য পরিবহন ট্র্যাকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত পাইপলাইনটিতে তেল প্রবাহ পুরোপুরি বন্ধ ছিল।
মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর ইরান কৌশলগত হরমুজ প্রণালী অবরোধ করে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি পথ ব্যাহত করলে আন্তর্জাতিক তেল বাণিজ্যের জন্য ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প রুটে পরিণত হয়।








