সৌদি আরবের আরও দুই বিমানবন্দরে হুথিদের হামলা, আহত তিন

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যে সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আরও দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছে। এতে বিমানবন্দর দুটির অবকাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনজন সামান্য আহত হয়েছেন।
বিজ্ঞাপন
সৌদি আরবের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাজানের কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ও নাজরান আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।
দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জাকা) এক বিবৃতিতে জানায়, হামলায় বিমানবন্দর দুটির অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আহত তিনজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
জরুরি সেবা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যাত্রী, কর্মী ও বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরকারি বিবৃতিতে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি। তবে সোমবারই হুথিরা জাজান ও নাজরানের বিভিন্ন সংবেদনশীল স্থাপনাসহ সৌদি আরবের একাধিক স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে।
হুথিদের দাবি অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, আবহা বিমানবন্দর, রাবিঘে সৌদি আরামকোর একটি শোধনাগার এবং কয়েকটি সামরিক স্থাপনাও হামলার লক্ষ্য ছিল।
সৌদি আরব বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় এ ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হুথিদের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ করেছে দেশটি।
বিজ্ঞাপন
গত কয়েকদিন ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দেশটির দিকে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করেছে।








