পুতিনের জন্মদিনে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭৪তম জন্মদিনে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এসব হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। কিয়েভ ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, হামলায় সবচেয়ে বেশি হতাহত হয়েছে চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় অন্তত ৩৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন শিশু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, পুতিনের জন্য ‘জন্মদিনের উপহার’ হিসেবে রুশ বাহিনী চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে একটি আবাসিক ভবন ধ্বংস করেছে। পাঁচতলা ভবনটির ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলেও জানান তিনি। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ করছেন।
রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল ইউক্রেনের রাজধানী কিয়েভও। এ ছাড়া দিনিপ্রো, আলেক্সান্দ্রিয়া, জাপোরিঝঝিয়া এবং পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুক শহরেও হামলা চালানো হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কিয়েভের দারনিতস্কি জেলায় হামলায় দুজন নিহত হয়েছেন বলে নগর কর্তৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রাত সোয়া ৩টার দিকে রাজধানীতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার কয়েকটি বোমারু বিমান সীমান্তের দিকে এগিয়ে আসার বিষয়ে সতর্ক করেছিল।
কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের পর আগুন ও ধোঁয়া দেখা যায়। প্রায় দুই ঘণ্টা পর ভোর সোয়া ৫টার দিকে দ্বিতীয় দফায়ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
বিজ্ঞাপন
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, হামলায় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া।
বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রাশিয়ার ছোড়া ৪৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ৩৯টি ভূপাতিত বা ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া ১৩০টি হামলাকারী ড্রোনের মধ্যে ১১৭টি ধ্বংস বা নিষ্ক্রিয় করা হয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেও পাঁচটি ধ্বংস বা ইলেকট্রনিক ব্যবস্থায় দমন করা হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী আরও জানিয়েছে, রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতের ঘটনা ১৮টি স্থানে নথিভুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, ওবোলন জেলায় একটি অনির্দিষ্ট ‘অ-আবাসিক এলাকায়’ হামলা হয়েছে। পোদিল জেলায় গুদাম স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি বহুতল ভবন। জেলেনস্কি জানিয়েছেন, এসব হামলায় আরও দুজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
সূত্র: কিয়েভ ইন্ডিপেনডেন্ট








