ইরানে তীব্র হামলার প্রস্তুতি, আরব দেশগুলোকে প্রস্তুত থাকতে বলল যুক্তরাষ্ট্র

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন শেষে ইরানে নতুন করে তীব্র হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে টেক্সাস থেকে ইসরায়েলে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে মার্কিন সেনারা। পাশাপাশি ইরানের পাল্টা হামলার ঝুঁকিতে থাকা স্থানগুলো থেকে সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকেও অবহিত করেছে ওয়াশিংটন। তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র আরব দেশগুলোকে জানিয়েছে, ইরানে স্বল্প সময়ের হলেও অত্যন্ত তীব্র হামলা চালানো হতে পারে। এ বিষয়ে তাদের সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে।
প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে রাডার সরঞ্জাম, এনগেজমেন্ট কন্ট্রোল স্টেশন, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী এবং প্রতিহতকারী ক্ষেপণাস্ত্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ স্থান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ফুরিয়ে আসা অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করছে মার্কিন বাহিনী। একই সঙ্গে বোমা হামলার জন্য বোমারু বিমান ও যুদ্ধবিমান প্রস্তুত করা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানে সম্ভাব্য নতুন হামলায় অংশ নিতে বিশেষজ্ঞ নৌসেনাদের একটি ইউনিট ও যুদ্ধজাহাজও ওই অঞ্চলে আসছে। তারা সেখানে আগে থেকে মোতায়েন থাকা ২০টি যুদ্ধজাহাজের সঙ্গে যোগ দেবে। তবে হামলার আগে কিছু জাহাজ ফিরিয়ে নেওয়া হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছেন তিনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির মধ্যে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির বক্তব্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা চালালে তেহরানও হামলার পরিধি বাড়াবে। সে ক্ষেত্রে উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর এবং অন্যান্য বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
সূত্র: জেরুজালেম পোস্ট








