যুক্তরাষ্ট্রে জাল ভোট দেওয়ায় বাংলাদেশি প্রবাসীর বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি প্রবাসী মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। দেশটির অ্যাটর্নি কার্যালয়ের মেরিল্যান্ড ডিস্ট্রিক্ট গত ২৭ অক্টোবর এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, ৩৩ বছর বয়সী হাসিবুর রহমান জানতেন তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক নন এবং ভোট দেওয়ার যোগ্যতাও তার নেই। তা সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভোট দেন বলে অভিযোগ উঠেছে।
মেরিল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কেলি ও হায়েস এবং এফবিআইয়ের বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ জিমি পল যৌথভাবে এ অভিযোগের তথ্য জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা বলেন, হাসিবুর রহমান যুক্তরাষ্ট্রের নাগরিক না হওয়া সত্ত্বেও ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে ভোট দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি সিনেটর এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য নির্বাচিত হন।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে তদন্ত চলবে। দোষী সাব্যস্ত হলে হাসিবুর রহমানের সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে। তবে ফেডারেল অপরাধের ক্ষেত্রে সাধারণত সর্বোচ্চ সাজার চেয়ে কম সাজা দেওয়া হয়।








