Logo

আন্তর্জাতিক আদালতের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিলো মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:১১
আন্তর্জাতিক আদালতের রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিলো মিয়ানমার
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের কিছু অংশ না মানার ঘোষণা দিয়েছে মিয়ানমার। দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং এসব অংশকে ‘অনুপযুক্ত’ বলে উল্লেখ করেছেন। তবে রায়ের কোন কোন বিষয়ে তাদের আপত্তি রয়েছে, তা স্পষ্ট করেননি তিনি।

বিজ্ঞাপন

ঐতিহাসিক এ রায়ে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেন আন্তর্জাতিক বিচার আদালত। ওই সময় দেশটির সেনাবাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন।

রায় ঘোষণার দুই দিন পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রথমবারের মতো এ বিষয়ে বক্তব্য দেন মিন অং হ্লাইং। তিনি দাবি করেন, মিয়ানমার কোনো গণহত্যা চালায়নি। বরং সশস্ত্র বাহিনীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নিয়েছিল। তবে কোন সশস্ত্র গোষ্ঠীর হামলার কথা তিনি বলছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

মিন অং হ্লাইংয়ের দাবি, গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করার ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়ের কিছু অংশ প্রত্যাখ্যানের অবস্থান জানিয়ে তিনি বলেন, “মিয়ানমার দায়িত্বশীল দেশের জন্য যথার্থ ব্যবস্থা নেবে। তবে আমরা যেসব বিষয় অনুপযুক্ত দেখব সেগুলো মানব না।”

তবে কোন বিষয়গুলোকে অনুপযুক্ত মনে করছে মিয়ানমার, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সাবেক এই জেনারেল।

২০১৯ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও তদন্ত শেষে মামলাটির রায় ঘোষণা করেন আদালতের বিচারকেরা।

২০১৭ সালে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ নামে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ওই অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এর ফলে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

আন্তর্জাতিক বিচার আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ওই সময় প্রায় ১০ হাজার রোহিঙ্গা হত্যার শিকার হন। প্রায় সাত লাখ মানুষ স্থল ও সমুদ্রপথে বাংলাদেশে আশ্রয় নেন। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে আদালত উল্লেখ করেছেন।

আদালতের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা নয়জন বিচারকের মধ্যে ছয়জন মিয়ানমারকে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করার পক্ষে রায় দেন। এর মধ্য দিয়ে ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশন লঙ্ঘনের দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে কোনো দেশের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা ঘটে।

রায়ে মিয়ানমারকে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আন্তর্জাতিক বিচার আদালতের নিজস্ব কোনো বাহিনী বা সরাসরি রায় বাস্তবায়নের ক্ষমতা নেই। ফলে আদালতের নির্দেশ কার্যকর করতে জাতিসংঘের উদ্যোগ, সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD