Logo

গাজায় ইসরায়েলি হামলায় উপমন্ত্রী ও তাঁর স্ত্রীসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২০:৩৯
গাজায় ইসরায়েলি হামলায় উপমন্ত্রী ও তাঁর স্ত্রীসহ নিহত ৫
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকার মধ্যেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে দেইর আল-বালাহ ও আল-শাতি শরণার্থী শিবিরে পৃথক হামলায় গাজার শিক্ষা উপমন্ত্রী ও তাঁর স্ত্রীসহ অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ৫৬ বছর বয়সী খালেদ মাহমুদ আবু নাদা ও তাঁর ৪৯ বছর বয়সী স্ত্রী আবির মোহাম্মদ আবু নাদা নিহত হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

আল-আকসা মার্টিরস হাসপাতালের চিকিৎসা সূত্র ও স্থানীয়দের বরাতে সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, নিহত খালেদ আবু নাদা গাজার শিক্ষা উপমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, উত্তর গাজার আল-শাতি শরণার্থী শিবিরে বেসামরিক মানুষের একটি জটলা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। আল-শিফা হাসপাতাল সূত্র জানিয়েছে, হতাহতদের সেখানে নেওয়া হয়েছে।

এদিকে মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে সামরিক যান থেকে ভারী গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। পাশাপাশি ফিলিস্তিনিদের বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিস্তীর্ণ এলাকায় দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

দেইর আল-বালাহে হামলার পর ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানান, তাঁদের সেনারাই আবু নাদাকে হত্যা করেছে। তাঁদের দাবি, তিনি হামাসের অর্থনীতি ও শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা একজন নেতা ছিলেন।

এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু ও কাৎজ আরও দাবি করেন, অক্টোবর মাসে হামাসের ৮০ জন কর্মকর্তা ও সদস্যকে হত্যা করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD