Logo

কুয়েতে ইরানের ভয়াবহ হামলায় ইতালির দুই নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২১:০৫
কুয়েতে ইরানের ভয়াবহ হামলায় ইতালির দুই নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

কুয়েতে ইরানের ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত দুজন ওই স্থাপনায় বেসামরিক টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরানের নিক্ষেপ করা ড্রোন প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন কুয়েতি, দুজন ইতালীয় এবং একজন পাকিস্তানি নাগরিক ছিলেন।

পরবর্তী সময়ে ইতালির বার্তাসংস্থা এএনএসএ আহত দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর খবর প্রকাশ করে। পরে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে।

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ইরান দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে শুরুতে স্থাপনাটির পরিচয় প্রকাশ করা হয়নি। এএনএসএর প্রতিবেদনে স্থাপনাটির নাম ‘রাইনমেটাল’ বলে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হয়। এর ধারাবাহিকতায় কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে।

এর আগে কুয়েতে একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনাও ঘটেছিল।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলো।

এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিকবার ড্রোন হামলা চালায় ইরান। সর্বশেষ হামলাগুলোর একটিতে দেশটির একটি তেল ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD