Logo

যুক্তরাষ্ট্রের ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ২১:১৭
যুক্তরাষ্ট্রের ছাড়াই ইরানে হামলার প্রস্তুতি ইসরায়েলের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা ছাড়াই ইরানে অভিযান চালানোর সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, যেকোনো সময় ইরানে শক্তিশালী হামলা চালানোর প্রস্তুতি রয়েছে তাদের। প্রয়োজনে ওয়াশিংটনের অংশগ্রহণ ছাড়াই এককভাবে সামরিক অভিযান পরিচালনা করতে পারে ইসরায়েল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এফি ডেফরিন বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতা না থাকলেও ইরানে হামলা চালানোর জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, প্রয়োজন হলে যেকোনো মুহূর্তে সামরিক শক্তি প্রয়োগের সক্ষমতা রয়েছে ইসরায়েলি বাহিনীর।

ডেফরিন আরও দাবি করেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে রয়েছে। ইসরায়েলকে ধ্বংস করার বিষয়ে ইরানের যে লক্ষ্য রয়েছে, তা এখনো শেষ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দেশই বিভিন্ন সময়ে একে অপরকে পাল্টা হামলা ও কঠোর সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে আসছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও তেহরানকে কঠোর বার্তা দিয়েছিলেন। ইরান ইসরায়েলে হামলা চালালে দেশটিকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়া হবে’ এবং অন্ধকারে নিমজ্জিত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

সামরিক মুখপাত্রের সর্বশেষ বক্তব্যে ইরানকে কেন্দ্র করে ইসরায়েলের কঠোর অবস্থান আবারও সামনে এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই সামরিক অভিযান পরিচালনার প্রস্তুতির কথা জানানোয় দুই দেশের মধ্যকার সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD