এবার মহাকাশে ডেটা সেন্টার বানাবেন ইলন মাস্ক

মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালনা ও বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের জন্য ১০ লাখ স্যাটেলাইট বা কম্পিউটিং মডিউল স্থাপনের পরিকল্পনা করেছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। এ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এ অনুমোদনকে মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রথম নিয়ন্ত্রক অনুমোদন হিসেবে দেখা হচ্ছে।
বিজ্ঞাপন
এফসিসির মতে, এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের দ্রুত বিকাশমান সুপার ইন্টেলিজেন্স বা অতি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অগ্রগতিতে সহায়তা করতে পারে। সংস্থাটির ধারণা, প্রকল্পটি মানবসভ্যতাকে সূর্যের বিপুল শক্তি ব্যবহারের সক্ষমতা অর্জনের আরও কাছাকাছি নিয়ে যেতে পারে।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, যুক্তরাষ্ট্র সুপার ইন্টেলিজেন্সের যুগে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে।
স্পেসএক্সের পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীর বাইরে কক্ষপথে স্থাপন করা স্যাটেলাইটগুলো একেকটি কম্পিউটিং অবকাঠামো হিসেবে কাজ করবে। এসব ব্যবস্থার মাধ্যমে মহাকাশেই এআই-সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে।
কেন মহাকাশে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা?
এআই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে ডেটা সেন্টারের প্রয়োজনীয়তা। এসব কেন্দ্র পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানি লাগে। ফলে পৃথিবীতে নতুন ডেটা সেন্টার নির্মাণের কারণে বিদ্যুৎ সরবরাহব্যবস্থা, পানির ব্যবহার এবং পরিবেশের ওপর চাপ বাড়ছে।
এই পরিস্থিতিতে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। স্পেসএক্সের দাবি, মহাকাশে প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি ব্যবহার করে এসব অবকাঠামো পরিচালনা করা সম্ভব। এতে বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন ব্যয় কমানোর পাশাপাশি পৃথিবীর প্রাকৃতিক সম্পদের ওপর চাপও হ্রাস পেতে পারে।
এফসিসিতে জমা দেওয়া আবেদনে স্পেসএক্স জানিয়েছে, সৌরশক্তির সরাসরি ব্যবহার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয় সীমিত রাখার মাধ্যমে স্যাটেলাইটগুলো উল্লেখযোগ্য জ্বালানি ও ব্যয় সাশ্রয় করতে পারবে। একই সঙ্গে পৃথিবীতে ডেটা সেন্টার পরিচালনার পরিবেশগত প্রভাব কমানো সম্ভব হবে।
তবে উচ্চাভিলাষী এই পরিকল্পনা নিয়ে প্রযুক্তি বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। তাদের মতে, মহাকাশে বড় পরিসরে ডেটা সেন্টার পরিচালনার প্রযুক্তি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ফলে বাস্তবে এমন অবকাঠামো গড়ে তুলতে উল্লেখযোগ্য সময় ও বিনিয়োগ প্রয়োজন হতে পারে।
প্রযুক্তিগত বাধা ও সংঘর্ষের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে মহাকাশভিত্তিক ডেটা সেন্টারের সম্ভাবনা ও সীমাবদ্ধতা তুলে ধরে।
প্রতিবেদনে বলা হয়, মহাকাশে ডেটা সেন্টার স্থাপন করা গেলে পৃথিবীতে এসব অবকাঠামো নির্মাণের জন্য জমি, বিদ্যুৎ ও পানির প্রয়োজন কমতে পারে। তবে প্রযুক্তিগত বাস্তবায়ন এবং অর্থনৈতিক দিক থেকে বেশ কিছু বড় বাধা রয়েছে।
এর মধ্যে অন্যতম হলো কম্পিউটিং যন্ত্রপাতির উৎপন্ন তাপ নিয়ন্ত্রণ। ডেটা সেন্টারের সার্ভার ও অন্যান্য যন্ত্রপাতি প্রচুর তাপ তৈরি করে। পৃথিবীতে বিভিন্ন শীতলীকরণব্যবস্থার মাধ্যমে এই তাপ নিয়ন্ত্রণ করা হলেও মহাকাশে একই ধরনের ব্যবস্থা কার্যকরভাবে পরিচালনা করা বেশ কঠিন। ফলে বিপুলসংখ্যক কম্পিউটিং মডিউল সচল রাখার ক্ষেত্রে তাপ নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
এ ছাড়া কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেলে সেগুলোর অবস্থান ও চলাচল নিয়ন্ত্রণ জটিল হবে। একই সঙ্গে একটির সঙ্গে অন্যটির সংঘর্ষ এবং মহাকাশের আবর্জনা বৃদ্ধির ঝুঁকিও তৈরি হতে পারে বলে সতর্ক করেছে জিএও।
২০৩৩ সাল থেকে শুরু হবে স্যাটেলাইট স্থাপন
এফসিসির অনুমোদনে স্পেসএক্সের জন্য কয়েকটি সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। এরপর ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত ১০ লাখ স্যাটেলাইটের অন্তত ১০ শতাংশ বা ১ লাখ স্থাপন করতে হবে। ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে মোট অনুমোদিত সংখ্যার অন্তত ৫০ শতাংশ কক্ষপথে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে।
তবে অনুমোদন পেলেও স্পেসএক্স শেষ পর্যন্ত পুরো ১০ লাখ স্যাটেলাইট স্থাপন করবে কি না, তা এখনো নিশ্চিত নয়। বর্তমানে পৃথিবীর কক্ষপথে সব মিলিয়ে প্রায় ১৭ হাজার স্যাটেলাইট রয়েছে।
স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো অনেক সময় ভবিষ্যতে পরিকল্পনা পরিবর্তনের সুযোগ রাখতে প্রকৃত প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক স্যাটেলাইট স্থাপনের অনুমোদন চেয়ে থাকে। স্পেসএক্সের ক্ষেত্রেও এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এর আগে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি ৪২ হাজার স্যাটেলাইট স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে তাদের এই নেটওয়ার্কে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।
স্টারশিপের সফলতার ওপর নির্ভর করছে প্রকল্প
মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা বাস্তবায়নে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট স্টারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বড় আকারের এই রকেটের মাধ্যমে তুলনামূলক কম খরচে বিপুল পরিমাণ সরঞ্জাম মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
তবে স্টারশিপ এখনো নির্মাণ ও উন্নয়ন পর্যায়ে রয়েছে। রকেটটির সক্ষমতা বাড়ানো এবং উৎক্ষেপণ ব্যয় কমানো সম্ভব হলে মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথ সহজ হতে পারে।
সব মিলিয়ে, এফসিসির অনুমোদন স্পেসএক্সের মহাকাশভিত্তিক কম্পিউটিং অবকাঠামো নির্মাণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, বিপুল ব্যয় এবং কক্ষপথের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোই শেষ পর্যন্ত প্রকল্পটির বাস্তব সাফল্য নির্ধারণ করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান








