Logo

কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১১:৫৭
কুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা: আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে হামলার ঘটনাকে সন্দেহজনক আখ্যা দিয়ে এটিকে যুদ্ধের পরিস্থিতি তৈরির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ অবস্থান তুলে ধরেন। তার দাবি, কুয়েতের এই হামলার প্রকৃত কারণ অনুসন্ধানে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে দুই ইতালীয় নাগরিক নিহত হন। আহত হন পাকিস্তানের একজন এবং কুয়েতের একজন নাগরিক। নিহত দুই ইতালীয় কুয়েতে বেসামরিক প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেন আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক ও সমবেদনা প্রকাশ করেছি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

এর আগে হামলার পর কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, ইরান থেকে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাটি চালানো হয়েছে। প্রাথমিকভাবে চারজন আহত হওয়ার খবর জানানো হলেও পরবর্তী সময়ে দুই ইতালীয় নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়টি। একই ঘটনায় পাকিস্তানি ও কুয়েতি নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়।

তবে কুয়েতের এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুলফজল শেখারচি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘আজ এ অঞ্চলে কোনো সামরিক অথবা হামলার অভিযান চালায়নি ইরানের সশস্ত্র বাহিনী।’

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জবাবে কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল ইরান। ওই সময় একটি ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। এ ছাড়া ভুলবশত যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছিল কুয়েতের সেনাবাহিনী।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আয়তনে ছোট হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। ইরান এর আগে দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে গত সপ্তাহে বাহরাইনেও একাধিক ড্রোন হামলার ঘটনা ঘটে। এর মধ্যে সর্বশেষ হামলায় একটি তেল ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে কুয়েতে সর্বশেষ হামলার ঘটনায় ইরানের সম্পৃক্ততা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে তেহরান শুরু থেকেই এ হামলার দায় অস্বীকার করে আসছে।

সূত্র: আল জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD