Logo

সৌদির জাজান তেল শোধনাগারে হুথিদের হামলা, বিদেশি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৬
সৌদির জাজান তেল শোধনাগারে হুথিদের হামলা, বিদেশি নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের উপকূলীয় প্রদেশ জাজানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনায় নেপালের এক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের চালানো এ হামলায় বিভিন্ন দেশের আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার পর শোধনাগারটির একটি অংশের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলের দিকে জাজান প্রদেশের ওই তেল শোধনাগার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয়। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “আকাশপথে আসা প্রজেক্টাইলের (ক্ষেপণাস্ত্র বা ড্রোন জাতীয় বস্তু) হামলার শিকার হয়েছে শোধনাগারটি। হামলার জেরে সেখানে আগুন ধরে গিয়েছিল এবং শোধানাগারটির কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ রাখতে হয়েছিল।”

হামলায় ঠিক কতজন আহত হয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি সৌদি জ্বালানি মন্ত্রণালয়। তবে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তারা বিভিন্ন দেশের নাগরিক। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় আরও জানায়, হামলার পরপরই জরুরি সেবা ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে একই দিনে সৌদি আরবের তেল শোধনাগারে হামলার পাশাপাশি প্রতিবেশী কুয়েতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও ড্রোন হামলার ঘটনা ঘটে। ওই হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত এবং একজন পাকিস্তানি ও একজন কুয়েতি নাগরিক আহত হন। ঘটনার জন্য ইরানকে দায়ী করা হলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে ইয়েমেনে হুথি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি প্রতিরক্ষা জোট জানিয়েছে, বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ বন্দরে অভিযান চালানো হয়েছে। ওই অভিযানে হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে জোটটি।

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা এবং একই সময়ে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য স্থাপনায় আক্রমণের ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD