করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ১৪ জনকে। তাদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবন ধসের পরপরই আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। তবে ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ জীবিত থাকতে পারেন—এমন আশঙ্কায় অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে উদ্ধারকাজ।
উদ্ধারকর্মীদের আশঙ্কা, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের ক্ষতি হতে পারে। একই সঙ্গে ভবনের অবশিষ্ট অংশও আরও ধসে পড়ার ঝুঁকি রয়েছে। এ কারণে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাত দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে ছোট ছোট ফাঁক তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। পুরো অভিযান পরিচালিত হচ্ছে বাড়তি সতর্কতার সঙ্গে।
উদ্ধারকারী দলের মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বাকি একজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ভবন ধসের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলায় মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার এবং ১৪ জনকে আহত অবস্থায় বের করে আনা হয়েছে।
ঘটনাস্থলে ধ্বংসস্তূপের বিশাল স্তূপের পাশাপাশি দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো ছড়িয়ে থাকতে দেখা গেছে। পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এলাকাটিতে ভবনটির ধ্বংসাবশেষ কয়েক তলা সমান উঁচু হয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা ইট, কংক্রিট ও অন্যান্য নির্মাণসামগ্রী সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান করছেন।
এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে ঘটনাস্থলের কাছে স্থাপন করা তথ্যকেন্দ্রে ভিড় করছেন অনেক মানুষ। তারা নিজেদের ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে উদ্ধারকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করছেন।
পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, নির্মাণকাজে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ না করা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে দেশটিতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচিতে অপরিকল্পিত নগরায়ণ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, পুরোনো অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণবিধি কার্যকর করার ক্ষেত্রে দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা।
এর আগেও শহরটিতে প্রাণঘাতী ভবন ধসের ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাস বিস্ফোরণের পর একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এছাড়া গত বছরের জুলাইয়ে করাচির লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে প্রাণ হারান ২৭ জন।
সূত্র: জিও নিউজ, এএফপি








