Logo

১২১ কেজি সোনা দান করে আলোচনায় ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৬, ১২:১১
১২১ কেজি সোনা দান করে আলোচনায় ব্যবসায়ী
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি মন্দিরে ১২১ কেজি স্বর্ণালংকার দান করে আলোচনায় এসেছেন চেন্নাইয়ের উদ্যোক্তা ও সমাজসেবী বর্ধমান জৈন। স্ত্রী রাধিকা জৈনকে সঙ্গে নিয়ে এই বিপুল পরিমাণ স্বর্ণালংকার দান করেন তিনি। তিরুমালা তিরুপতি দেবস্থানমসের (টিটিডি) ইতিহাসে এটিকে অন্যতম বড় দান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এসব অলংকার তুলে দেন বর্ধমান জৈন ও তার স্ত্রী। দান করা স্বর্ণালংকারের তালিকায় রয়েছে বিশেষভাবে তৈরি ৪৬টি গহনা। এর মধ্যে মুকুট, হার, বাহুর অলংকার, কোমরের গহনা এবং বিভিন্ন ঐতিহ্যবাহী অলংকার রয়েছে। কয়েকটি গহনায় হীরাও ব্যবহার করা হয়েছে।

বিপুল পরিমাণ স্বর্ণালংকার দানের কারণে নতুন করে আলোচনায় এলেও বর্ধমান জৈন মূলত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও ব্যবসা খাতের একজন পরিচিত উদ্যোক্তা। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে।

কে এই বর্ধমান জৈন?

বর্ধমান জৈন বৈশ্বিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাকসেস হেলথকেয়ারের প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান। পাশাপাশি তিনি এশিয়া (চেন্নাই) ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে তিনি চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর পড়াশোনা করেন।

১৯৯৭ সালে অনুরাগ জৈনের সঙ্গে যৌথভাবে ভিশন হেলথসোর্স প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেন বর্ধমান। প্রতিষ্ঠানটি মূলত চিকিৎসা বিল তৈরি এবং স্বাস্থ্যবিমার দাবি ব্যবস্থাপনা নিয়ে কাজ করত। ২০০৩ সালে পেরট সিস্টেমস প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে।

পরবর্তী সময়ে ২০০৯ সালে ডেল পেরট সিস্টেমসকে কিনে নিলে বর্ধমান জৈন ডেল সার্ভিসেসের বৈশ্বিক বিজনেস প্রসেস আউটসোর্সিং কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। সেখানে ১০০টির বেশি গ্রাহক প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রায় ৯ হাজার কর্মীর কার্যক্রম তদারকি করেন তিনি।

এরপর নিজের উদ্যোগে অ্যাকসেস হেলথকেয়ার প্রতিষ্ঠা করেন বর্ধমান। ধীরে ধীরে প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও আউটসোর্সিং খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করেন। স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সহজ করতে প্রতিষ্ঠানটি স্বয়ংক্রিয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মেশিন লার্নিং ব্যবহার করে।

২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান নিউ মাউন্টেন ক্যাপিটাল অ্যাকসেস হেলথকেয়ারে কৌশলগত বিনিয়োগের ঘোষণা দেয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। বিভিন্ন প্রতিবেদনে এই লেনদেনের সম্ভাব্য মূল্য ১৫০ কোটি থেকে ২০০ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করা হয়েছে।

সমাজসেবায়ও রয়েছে বিশেষ ভূমিকা

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত রয়েছেন বর্ধমান জৈন। তিনি শ্রী সরিতা জৈন ফাউন্ডেশন ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তার, ক্ষুধার্ত মানুষের খাদ্য সহায়তা এবং জরুরি চিকিৎসাসেবা নিয়ে কাজ করে।

সুবিধাবঞ্চিত তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেও ‘আবিষ্কার’ নামে একটি উদ্যোগ প্রতিষ্ঠা করেছেন তিনি। এ ছাড়া চেন্নাইয়ের কাঞ্চি কামাকোটি চাইল্ডস ট্রাস্ট হাসপাতালের সঙ্গে যুক্ত থেকে শিশুদের চিকিৎসাসেবায় অবদান রাখছেন।

তিরুপতি মন্দিরে আগেও বড় অঙ্কের অনুদান

তিরুমালা মন্দিরের সঙ্গে বর্ধমান জৈনের সম্পর্ক দীর্ঘদিনের। ১২১ কেজি স্বর্ণালংকার দানের আগেও মন্দির-সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করেছেন তিনি।

এর আগে শ্রী ভেঙ্কটেশ্বর ভক্তি চ্যানেলের জন্য সাত কোটি রুপি, টিটিডির গোশালায় গবাদিপশুর খাবার তৈরির মিশ্রণকেন্দ্র স্থাপনে পাঁচ কোটি রুপি এবং মুদ্রা বাছাইয়ের যন্ত্র কেনার জন্য এক কোটি রুপি অনুদান দেন এই ব্যবসায়ী।

এ ছাড়া মন্দিরের ভেতরে যাতায়াতের সুবিধা বাড়াতে বৈদ্যুতিক বাসও উপহার দিয়েছেন তিনি। ধারাবাহিক এসব অনুদানের পর এবার ১২১ কেজি স্বর্ণালংকার দানের মাধ্যমে তিরুপতি মন্দিরের ইতিহাসে বড় দাতাদের তালিকায় নতুন করে আলোচনায় উঠে এসেছেন বর্ধমান জৈন।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD